তৃতীয় অস্ত্র মামলাতেও শিয়ালদহ কোর্ট থেকে জামিন বেলেঘাটার রাজু নস্করের
বর্তমান | ০৫ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগে দু’টি মামলাতে জামিন হয়েছিল। এবার একটি ‘অস্ত্র’ মামলাতে জোরালো তথ্য কোর্টের কাছে পেশ করতে না পারায় জামিন পেয়ে গেল বেলেঘাটার অভিযুক্ত রাজু নস্কর। ফলে তিনটি মামলাতেই জামিন পেয়ে যাওয়ায় তার ‘জেলমুক্তি’ হল। শনিবার শিয়ালদহ আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করে। সরকারি কৌঁসুলি সুমন সামন্ত এদিন আদালতে অভিযুক্তকে ফের ওই অস্ত্র মামলায় পুলিশ হেপাজতে নেওয়ার আরজি জানান। তিনি তাঁর সওয়ালে বলেন, তদন্তের স্বার্থেই ধৃতকে হেপাজতে নেওয়া প্রয়োজন রয়েছে। এই সময় অভিযুক্ত জামিন পেলে এই মামলার তদন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ধৃতের জামিনের আবেদন নাকচ করা হোক।
যদিও রাজুর কৌঁসুলিদের বক্তব্য ছিল, এই মামলায় নতুন কোনো অগ্রগতি নেই। পুলিশ ইচ্ছাকৃতভাবে অহেতুক তাঁদের মক্কেলদের হয়রান করার জন্য একটার পর একটা মামলায় জড়িয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বেলেঘাটা এলাকার বাসিন্দা এক ব্যক্তিকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছিল রাজু নস্করকে। তার বিরুদ্ধে ছিল অন্য এক ফৌজদারি মামলাও। সেই মামলা চলাকালেই এই অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে পুলিশ। সেই মামলায় এদিন ফের তাকে পুলিশ হেপাজতে চাওয়ার আরজি জানানো হলে তার কৌঁসুলি বলে, এই অস্ত্র মামলার সঙ্গে তাঁদের মক্কেলের কোন যোগ নেই। যেখানে এই অস্ত্র পাওয়ার কথা বলা হয়েছিল, সেখানে আমার মক্কেল হাজির ছিল না। পুলিশ নিজের ইচ্ছামতো ঘটনাস্থল দেখিয়েছে। যদিও সরকারি কৌঁসুলি এনিয়ে জোরালো আপত্তি জানান। এরপরই বিচারক মামলার যাবতীয় নথি খতিয়ে দেখে অভিযুক্তের জামিনের আবেদন মঞ্জুর করেন।