• ভ্রমণপ্রিয় বাঙালির জন্য সুখবর, দিঘার জন্য চালু হচ্ছে ২টি ‘সামার স্পেশাল’ ট্রেন, কবে থেকে দেখুন
    এই সময় | ০৫ এপ্রিল ২০২৬
  • গরমের ছুটি মানেই দিঘা (Digha)। সমুদ্র, ফুরফুরে বাতাস আর জিভে জল আনা রকমারি মাছের পদ। কিন্তু যাওয়া-আসার পথে ভিড়ের কথা মনে পড়লেই সব স্বস্তি মুহূর্তে উধাও। পর্যটকদের কথা ভেবেই সোমবার থেকে দু’টি ‘সামার স্পেশাল’ ট্রেন (Summer Special Train) চালু করছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে (South Eastern Railway)। একেবারে হাওড়া থেকে দিঘা। একই সঙ্গে ওই দিনই হাওড়া থেকে হলদিয়ার দু’টি ট্রেনও চালু হচ্ছে বলে জানা গিয়েছে।

    শনিবার প্রকাশিত দক্ষিণ-পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ০৮০০৩ এবং ০৮০০৪ ট্রেন দু’টি হাওড়া থেকে দিঘা এবং দিঘা থেকে হাওড়া যাতায়াত করবে। পাশাপাশি হাওড়া থেকে হলদিয়া এবং হলদিয়া থেকে হাওড়া যাতায়াত করবে ০৮০০১ এবং ০৮০০২ নম্বর ট্রেন দু’টি। দিঘার সঙ্গে শিল্পশহরে যাতায়াতের পথও সুগম হবে। সুবিধা হবে শ্রমিক এবং নিত্যযাত্রীদেরও।

    ‘সামার স্পেশাল’ ট্রেন চালু করায় রেলওয়েকে ধন্যবাদ জানিয়েছেন দক্ষিণ পূর্ব রেলওয়ে প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক সরোজ কুমার ঘড়া। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরেই সামার স্পেশাল ট্রেনের জন্য আবেদন করেছিলাম আমরা। অবশেষে দুই জোড়া ট্রেনের টাইম টেবল প্রকাশিত হয়েছে। সোমবার থেকেই যাত্রীরা পরিষেবা পাবেন। আমরা আনন্দিত।’

    দিঘায় বেড়ানোর কোনও মরশুম নেই। তবে গ্রীষ্মের এই সময়ে পর্যটকদের অনেকেই ভিড় জমান সমুদ্র সৈকতে। দুই জোড়া ট্রেন চালু হওয়ায় তাঁরা সুবিধা পাবেন বলাই বাহুল্য। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়তি এই চারটি ট্রেন চলবে বলে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে।

  • Link to this news (এই সময়)