দুর্ঘটনায় আহত শীতলকুচির বিজেপি (BJP) প্রার্থী সাবিত্রী বর্মন। শনিবার রাতে প্রচার সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় আহত হন তিনি।
পুলিশ এবং বিজেপি সূত্রে খবর, কোচবিহারের (Coochbehar) শীতলকুচি শিকারপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। দ্রুত গতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সাবিত্রী বর্মনের গাড়িতে। তাতেই গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে আসা হয়েছে মাথাভাঙা মহকুমা হাসপাতালে। ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।
রবিবার কোচবিহারে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তাঁর আগেই আহত হয়েছেন সাবিত্রী বর্মন। তিনি জানিয়েছেন, প্রচার সেরে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময়ে উল্টো দিক থেকে আসে দ্রুতগামী একটি ট্রাক। ওই ট্রাককে সাইড দিতে গিয়ে তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারায়। পচাগড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় তাঁর গাড়ি। তাতেই গুরুতর আহত হন তিনি।
সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যান দলের কর্মীরা। দু্র্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাবিত্রী বর্মনের গাড়িচালকও।
এই প্রথম বিধানসভা ভোটে লড়াই করছেন সাবিত্রী বর্মন। ইতিমধ্যে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনি।