ভবানীপুরে মনোনয়ন ঘিরে সংঘর্ষ, একাধিক নোটিস পাঠাল পুলিশ
দৈনিক স্টেটসম্যান | ০৫ এপ্রিল ২০২৬
এই ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মনোনয়নপত্র পেশের সময় রোড শো ঘিরে তৈরি হওয়া উত্তেজনাকেই মূল কারণ হিসেবে দেখছে পুলিশ। মনোনয়ন জমা দেওয়ার আগে হাজরা মোড় থেকে শুরু হওয়া এই মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিপুল জমায়েতের মধ্যেই মিছিল এগোতে থাকলে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার জেরে ইতিমধ্যেই তিনটি পৃথক মামলা রুজু করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য ডিজিটাল প্রমাণের ভিত্তিতেই দোষীদের চিহ্নিত করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
ঘটনার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে মিছিল যাওয়ার সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে তৃণমূল সমর্থকদের বিক্ষোভের মুখে বিজেপি কর্মীদের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয়, যা দ্রুত ধস্তাধস্তিতে রূপ নেয়। এই সংঘর্ষের জেরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই অশান্তির ঘটনায় প্রশাসনিক স্তরেও কড়া পদক্ষেপ করা হয়েছে। কেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি এবং কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেল, সে বিষয়েও বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে তাঁদের কাছে।
নির্বাচন কমিশনও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। কমিশনের নির্দেশ মেনেই তদন্তে গতি আনা হয়েছে বলে পুলিশের দাবি। রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে এই ধরনের সংঘর্ষ রাজ্যের উত্তেজনা আরও বাড়াচ্ছে। তবে প্রশাসনের কড়া পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলেই আশাবাদী একাংশ।