• রবিবারে সকালেই আবহাওয়ায় বদল, বইছে ঝোড়ো হাওয়া, বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা
    এই সময় | ০৫ এপ্রিল ২০২৬
  • দু‘দিনের উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার পরে রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। হাওয়া অফিসের পূর্বাভাস মতো, রবিবার সকাল থেকেই বদলাতে শুরু করেছ আবহাওয়া। সকাল থেকেই কালো মেঘে ঢেকেছে আকাশ। সঙ্গে ঝোড়ো হাওয়া। সেই সঙ্গে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার ও বুধবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে বলেও সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

    রবিবার থেকে আগামী বৃহস্পতিবার দু’দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যে। রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ স্থানীয় ভাবে দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টি আরও বাড়বে। কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এর জেরে বাতাসের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।

    পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। অন্যদিকে সোম ও মঙ্গলবার নাগাদ ঘূর্ণাবর্ত ও অক্ষরেখা তৈরি হওয়ার সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তার জেরে ফের বৃষ্টিতে ভিজতে চলেছে রাজ্য।

    সোমবার থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার কালবৈশাখীর পরিস্থিতি থাকতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। বুধবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়ায়।

    দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার। সোমবার থেকে বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

  • Link to this news (এই সময়)