• ‘বেনাগরিক করার চক্রান্ত বাঙালিকে’, অভিযোগ বিজেপি ও ইসির বিরুদ্ধে
    এই সময় | ০৫ এপ্রিল ২০২৬
  • এই সময়: বাংলার ভোটার তালিকা থেকে আচমকা বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়ার প্রতিবাদে শনিবার বরাহনগরে একটি সভার আয়োজন করে ‘দেশ বাঁচাও গণমঞ্চ’। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বাঙালিকে বেনাগরিক করার চক্রান্ত চলছে, এই অভিযোগ তুলে সভায় ওই সংগঠন সরব হয়।

    এ দিনের প্রতিবাদের কেন্দ্রে ছিল একটি পরিসংখ্যান। সেটা হলো, রাজ্যের ভোটার তালিকা থেকে ইতিমধ্যেই প্রায় ৮০ লক্ষর নাম বাদ দেওয়া হয়েছে। গণমঞ্চর বক্তব্য, ওই ৮০ লক্ষর মধ্যে মহিলা প্রায় ৩০ লক্ষ। গণমঞ্চর প্রতিনিধিদের অভিযোগ, বিজেপির অঙ্গুলিহেলনে এবং নির্বাচন কমিশনের যোগসাজশেই সাধারণ বাঙালিকে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করার এই গভীর ষড়যন্ত্র চলছে।

    এই ‘অগণতান্ত্রিক পদক্ষেপের’ বিরুদ্ধে সরব হতে শনিবার বরাহনগরের সভায় সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। চলচ্চিত্র পরিচালক, প্রবীণ সাংবাদিক, সঙ্গীতশিল্পী, অধ্যাপক এবং অভিনয় জগতের একঝাঁক পরিচিত মুখ এক মঞ্চে উপস্থিত হয়ে এ দিন প্রতিবাদ জানান।

    হরনাথ চক্রবর্তী, পর্ণাভ বন্দ্যোপাধ্যায়-সহ বিশিষ্টদের সকলের একটাই বক্তব্য— এ ভাবে সাধারণ মানুষকে তাঁদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার চক্রান্ত কোনও ভাবেই মেনে নেওয়া হবে না। প্রয়োজনে আগামী দিনে এই নাগরিকত্ব কাড়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে আরও বৃহত্তর ও সংগঠিত প্রতিরোধ গড়ে তোলা হবে বলে ওই সভা থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)