প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রবিবার উত্তরবঙ্গের কোচবিহার থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির প্রচার শুরু করছেন। ঐতিহাসিক রাসমেলা ময়দানে বিজয় সংকল্প সভায় এদিন বক্তব্য রাখবেন মোদী।
সমাবেশটি নিয়ে বিজেপি কী বলছে?
বিজেপি এই সমাবেশকে সিন্ডিকেট শাসন ও কাট-মানির সংস্কৃতির অবসানের প্রতীক হিসেবে তলে ধরেছে। দলটি বলছে, প্রধানমন্ত্রীর এই সফরের মূল লক্ষ্য হলো বাংলাকে ভয়ের যুগ থেকে বের করে এনে আস্থা ও উন্নয়নের এক ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়া। এই সমাবেশের উদ্দেশ্য হলো বিশ্বাসঘাতকতার অধ্যায়কে নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকারে রূপান্তরিত করা। রিপোর্ট অনুযায়ী, এই সমাবেশে প্রধানমন্ত্রী মোদী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির সম্প্রতি প্রকাশিত 'জনগণের অভিযোগপত্রে' উত্থাপিত বিষয়গুলো তুলে ধরবেন। রবিবারের সমাবেশের পর, আসন্ন নির্বাচনের আগে বিজেপির শীর্ষ নেতারা রাজ্যজুড়ে একাধিক জনসভা, রোড শো এবং সাংগঠনিক কর্মসূচি পালন করবেন।
প্রসঙ্গত, ভোটের দিন ঘোষণার আগে ব্রিগেড ময়দানে সভা করেছিলেন মোদী। ভোটের দিন ঘোষণার পর এই প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদর। গত কয়েকটি নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপি ‘ভাল’ ফল করেছে। এই পরিস্থিতিতে কোচবিহারের রাসমেলা মাঠ থেকে উত্তরবঙ্গে প্রচার শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী। রাজ্য বিজেপি সূত্রে আশা, ‘বিজয় সঙ্কল্প সভা’ নামে ওই সভা থেকে মোদীর বার্তার পরে দলের প্রচার-ভাষ্য আরও তীব্র ভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যও শনিবার বলেছেন, 'পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। ভয় নয়, ভরসা। ভিক্ষা নয়, কর্মসংস্থান। সুজলা, সুফলা পশ্চিমবঙ্গের চেহারা ফেরাতে, অবহেলিত উত্তরবঙ্গে উন্নয়নের বার্তা নিয়ে রাসমেলা মাঠে আসছেন প্রধানমন্ত্রী।'
বিজেপি সূত্রে খবর, সভায় জনসমাগমের জন্য কোচবিহারে দলের ৪৩টি মণ্ডল থেকে কম করে দু’হাজার করে কর্মী, সমর্থক আনার নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের অবশ্য ইতিমধ্যেই কটাক্ষ, মাঠ ভরাতে পাশের রাজ্য অসম থেকেও লোক আনার পরিকল্পনা করছে বিজেপি। বিজেপি সূত্রে খবর, দক্ষিণবঙ্গে সিউড়িতে ৯ তারিখ সভা করতে পারেন প্রধানমন্ত্রী। রবিবার আনুমানিক দুপুর ৩টে ১০ নাগাদ দিল্লি থেকে সরাসরি হাসিমারা এয়ারবেসে নামবে মোদীর বিশেষ বায়ুসেনার বিমান। হাসিমারা থেকে হেলিকাপ্টারে আসবেন কোচবিহারে। বিমানবন্দর থেকে সড়কপথে তিনি পৌঁছাবেন রাসমেলা ময়দানে। বিকালে সেখানেই বক্তব্য রাখবেন তিনি।