• কুলটি থেকে পাণ্ডবেশ্বর, ঝটিতি রঙিন প্রচারে ‘দিদি নম্বর ওয়ান’
    এই সময় | ০৫ এপ্রিল ২০২৬
  • এই সময়, দুর্গাপুর ও কুলটি: একটা শিশুর জন্ম থেকে মানুষের মৃত্যু পর্যন্ত রাজ্য সরকার কী ভাবে পাশে থাকে, তা খনি অঞ্চলের মানুষকে বোঝালেন রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলির সাংসদ তথা অভিনেত্রী রচনা শনিবার বিকেলে পাণ্ডবেশ্বরে তৃণমূলের প্রার্থী তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে নির্বাচনী জনসভায় এসেছিলেন। তার আগে সকালে তিনি কুলটির তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটকের সমর্থনে রোড শো–এ অংশ নেন। পরে গিয়েছিলেন জামুড়িয়ায় তৃণমূল প্রার্থী হরেরাম সিংয়ের প্রচারেও।

    অভিনেত্রী রচনাকে সিনেমার পর্দা ও টিভির রিয়ালিটি শো–এ দেখেছেন খনি অঞ্চলের বাসিন্দারা। এ দিন সেই ‘দিদি নম্বর ওয়ান’কে সামনে থেকে দেখতে রাস্তার দুইধারে ভিড় করেছিলেন বহু মানুষ। বিশেষ করে, মহিলাদের উপস্থিতি ছিল বেশি। প্রতিটি সভায় বক্তব্য রাখতে গিয়ে রচনা জানান, গত ১৫ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য যতটা উন্নয়ন করেছেন, সেখানে কেন্দ্রের মোদী সরকার মানুষকে বিপাকে ফেলে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে!

    স্কুলের ছাত্রীদের পড়াশোনার জন্য কন্যাশ্রী, বিয়ের জন্য রূপশ্রী, স্কুলে যাওয়ার জন্য সাইকেল, স্কুলের পোশাক ও জুতো, সাধারন মানুষের চিকিৎসার জন্য পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যসাথী, মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার, বয়স্কদের জন্য বার্ধক্য ভাতা, বিধবা ভাতা–সহ নানা প্রকল্পের প্রসঙ্গ টেনে রচনা জানান, রাজ্য সরকার সাধারণ মানুষের সামাজিক উন্নয়নে বড় পদক্ষেপ করেছে। কৃষকদের ফসলের সুরক্ষার জন্য বিমার কথাও উল্লেখ করেন তিনি। রচনার মন্তব্য, ‘আশা করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আবারও ফিরবে।’

    পাণ্ডবেশ্বরের কেন্দা হাটতলা মোড়ের সভায় সিংহভাগ ছিলেন গ্রামের মহিলারা। যা নিয়ে রচনা বলরেন, ‘প্রার্থী নরেন্দ্রনাথকে ভোট চাইতে হবে না। মানুষের পাশে সর্বদা থাকেন তিনি। এলাকার মানুষ এমনিতেই তাঁকে ভোট দেবেন।’ নরেন্দ্রনাথও বলেন, ‘রচনা একজন সাংসদ ও অভিনেত্রী। তাঁকে দেখতে ও কথা শুনতে এসেছেন খনি অঞ্চলের মানুষ। এখানকার মা ও বোনেরা এসেছেন। মানুষের এই সমাগম অন্য ইঙ্গিত।’ যোগ করেন, ‘সার নিয়ে আতঙ্কিত মানুষ। তাঁদের একমাত্র ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তৃণমূলের সভায় ভিড় উপচে পড়ছে।’

    এর আগে কুলটিতে অভিজিৎ ঘটকের প্রচারে রচনা রোড শো করেন কুলটির বেজডি, আলডি, মিঠানি ও পাটমোহনা এলাকায়। প্রার্থী অভিজিৎ বলেন, ‘কুলটির মানুষের আস্থা ও সমর্থনের ছবি স্পষ্ট হয়ে গিয়েছে। কুলটির মানুষ এখানে পরিবর্তন চাইছেন।’ রচনা জানান, নবান্নে যে আবারও সবুজ আবির উড়বে, তা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে।

  • Link to this news (এই সময়)