• ‘নাম বাদ গিয়েছে কেন?’ নন্দীগ্রামে ভোটারদের প্রশ্ন, কী উত্তর দিলেন CEO মনোজকুমার?
    এই সময় | ০৫ এপ্রিল ২০২৬
  • বিধানসভা নির্বাচনের ‘হটস্পট’ নন্দীগ্রাম। এই কেন্দ্র থেকে লড়ছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্টোদিকে, তৃণমূলের প্রার্থী পবিত্র কর। লড়াই কঠিন বলছেন ভোট বিশেষজ্ঞরা। রবিবার এই কেন্দ্রে ভোট পরিচালনা ব্যবস্থা খতিয়ে দেখলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল।

    ২০২১ সালে নির্বাচন ও নির্বাচনের পরে অশান্ত হয়ে উঠেছিল নন্দীগ্রাম, পটাশপুর ও ময়না এলাকা। জেলার পাশাপাশি এই সমস্ত বিধানসভায় যাতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হয় তার জন্য জেলা পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গে নিয়ে রবিবার প্রথমে নন্দীগ্রাম বিধানসভার বিভিন্ন প্রান্তে যান রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজকুমার আগরওয়াল। সঙ্গে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক নিরঞ্জন কুমার, পুলিশ সুপার অংশুমান সাহা-সহ অন্যান্য আধিকারিক।

    মনোজ এ দিন প্রথমে নন্দীগ্রামের সরস্বতী বাজারে যান। সেখানকার মানুষের সঙ্গে কথা বলেন। নির্বাচনে আগে ও পরে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, ভয় পাওয়ার কিছু নেই— সাধারণ মানুষকে আশ্বাস দেন তিনি।

    মনোজের কাছে স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানতে চান, এলাকার অনেকেরই ভোটার লিস্ট থেকে নাম বাদ গিয়েছে কেন? তাঁদের প্রশ্নের উত্তরে মনোজকুমার আগরওয়াল বলেন, ‘স্থানীয় ERO এবং ARO -দের সমস্যার কারণে এটা হয়েছে। এখনও অনলাইনে আবেদন করে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা যাচ্ছে। উপযুক্ত কাগজপত্র দিয়ে আবেদন করলে কারও নাম বাদ যাবে না। গড়চক্রবেড়িয়ায় পরে কেন্দামারিতে যান মনোজকুমার। সেখানকার একটি বুথকেন্দ্র পরিদর্শন করেন তিনি। বুথে কোথায় সেনাবাহিনী থাকবে, কোথায় ভোটাররা দাঁড়াবেন তা জেলাশাসক ও পুলিশ সুপার-সহ আধিকারিকদের বুঝিয়ে দেন তিনি। নন্দীগ্রামের পর পটাশপুর এবং ময়নার কিছু এলাকা পরিদর্শন করেন তিনি। এলাকার মানুষের সঙ্গে কথা বলে কলকাতার উদ্দেশে রওনা দেবেন বলে জানা গিয়েছে।

    নন্দীগ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শনের পর মনোজকুমার আগরওয়াল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য যা যা করার আমরা তা করব। আগের যে সব এলাকায় অশান্তির রেকর্ড রয়েছে, জেলাশাসকের কথায় সেই সমস্ত এলাকায় আমরা যাচ্ছি। এলাকার মানুষের সঙ্গে কথা বলছি। তাঁদের বলছি, ভয়ের কিছু নেই। শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হবে। কোনও ভাবে অশান্তি মেনে নেওয়া হবে না। পুলিশ প্রশাসন কড়া হাতে তা দমন করবে।’

  • Link to this news (এই সময়)