• পুলিশের তথ্যে সন্তুষ্ট নয় এনআইএ,চলছে আরও জিজ্ঞাসাবাদ
    আজকাল | ০৫ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:  মোথাবাড়ির ঘটনায় কলকাতা থেকে ইতিমধ্যে সেখানে গিয়েছে এনআইএ টিম। পুলিশের কাছ থেকে যে সমস্ত তথ্য নিয়ে এনআইএ পাঠিয়েছে তাতে এখনও সন্তুষ্ট নয় এনআইএ আইজি। আরও কিছু তথ্য জানতে চেয়েছেন আইজি। সমস্ত তথ্য রবিবারের মধ্যেই জানতে চাওয়া হয়েছে। যে খবর মিলেছে সেখান থেকে দেখা গিয়েছে এখনও পর্যন্ত পুলিশী তথ্য সন্তুষ্ট নয় এনআইএ আইজি।  সমস্ত তথ্য পাওয়ার পরেই দিল্লিতে পাঠানো হবে।

    এই সমস্ত তথ্য পাওয়ার জন্য বিচারক সহ একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে এনআইএ। রবিবার কলকাতার এক মহিলা বিচারকের সঙ্গে কথা বলতে বালিগঞ্জে যায় এনআইএ টিম। সেই বিচারক সেদিনের ভয়াবহ অভিজ্ঞতার   কবলে পড়েছিলেন। তার কাছ থেকে সমস্ত বিষয় জানতেই একজন ইন্সপেক্টর ও একজন এসআইকে সঙ্গে নিয়ে বালিগঞ্জে যায় তারা। 

    প্রসঙ্গত, শুক্রবারই মালদার মোথাবাড়ি কান্ডের তদন্তে মোথাবাড়িতে যায় এনআইএ টিম। শুক্রবার বিকালে টিমের তদন্তকারী অফিসাররা প্রথমে মোথাবাড়ি থানায় পৌছান। এরপর থানা থেকে মোথাবাড়ি বিড়িও অফিসে যান বলে খবর। 

    ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটাররা প্রথমে দিনভর মোথাবাড়িতে পথ অবরোধ করেন। এরপর অনেক রাত পর্যন্ত মোথাবাড়িতে অবস্থিত কালিয়াচক-২নং বিডিও অফিস ঘেরাও করে রাখেন। সাতজন জুডিশিয়াল অফিসারকে আটকে রেখে তুমুল বিক্ষোভ দেখান। যদিও গভীর রাতে পুলিশ গিয়ে সাতজন জুডিশিয়াল অফিসারকে কোনওমতে উদ্ধার করে নিয়ে যায়।

    এই ঘটনায়, দেশের সর্বোচ্চ আদালত সিবিআই বা এনআইএ তদন্ত করার নির্দেশ নির্বাচন কমিশনকে। যার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এনআইএ-র হাতে তদন্তভার তুলে দেয়। আর তদন্তভার নিয়েই শুক্রবার বিকালে মালদার মোথাবাড়িতে পৌঁছান জাতীয় তদন্তকারী দলের অফিসাররা।

    মোথাবাড়ি ও কালিয়াচক থানা দু'টি মিলিয়ে ইতিমধ্যে মোট ১৯টি মামলা রুজু করা হয়েছে। ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই পরিস্থিতিতে এনআইএ প্রথম এই দু'টি থানায় যায়। তদন্তকারী অফিসারদের সঙ্গে কথা বলে কেস সম্পর্কিত যাবতীয় নথি নেন। ৬ এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে তদন্ত রিপোর্ট জমা দেবে তারা।

    মোথাবাড়িতে অশান্তির ঘটনায় ইতিমধ্যে পুলিশের জালে মূল প্ররোচনাকারী আইনজীবী মোফাক্কারুল ইসলাম। প্রথমে বাগডোগরা বিমানবন্দর থেকে তাঁকে পাকড়াও করে সিআইডি।পরে এডিজি উত্তরবঙ্গ তাঁকে গ্রেপ্তারের কথা জানান। বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার মোফাক্কারুলের এক সহযোগী এক্রামুল বাগানি। মোথাবাড়িকাণ্ডে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে মোফাক্কারুলের ভিডিও। কালিয়াচক ২ নম্বর বিডিও অফিসে অশান্তির সময় গাড়ির মাথায় উঠে বক্তৃতা দিতে দেখা গেছে মোফাক্কারুলকে। 

    পুলিশের দাবি, মোফাক্কারুলই ঘটনার মূল প্ররোচনাকারী। পুলিশ জানিয়েছে, কালিয়াচক ২ নম্বর বিডিও অফিসের সামনে উস্কানিমূলক ভাষণ দেন মোফাক্কারুল। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন বাগডোগরা বিমানবন্দরে ধৃত সহযোগী এক্রামুলও। পুলিশ জানিয়েছে, ধরপাকড় শুরু হতেই দুজনেই বেঙ্গালুরু পালানোর চেষ্টা করছিলেন। আইনজীবী মোফাক্কারুল ইসলাম উত্তর দিনাজপুরের ইটাহারের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে কালিয়াচক থানাতেই ৩টি মামলা রয়েছে।
  • Link to this news (আজকাল)