মোদির সভায় যাওয়ার পথে মাথাভাঙায় জখম বিজেপি কর্মী
আজকাল | ০৫ এপ্রিল ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে যাওয়ার সময় কোচবিহার জেলার মাথাভাঙা শহরে বিজেপি কর্মীদের বাধা দেওয়া ও মারধরের অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। ঘটনাটি ঘটে মাথাভাঙা শহর সংলগ্ন ছাট খাটেরবাড়ি এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর।
বিজেপির অভিযোগ, প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে বাসে করে কর্মীরা কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। সেই সময় পথে তাদের বাধা দেওয়া হয় এবং আচমকাই তাদের উপর হামলা চালানো হয়। এই ঘটনায় এক বিজেপি কর্মীর মাথা ফেটে যায় বলে অভিযোগ। আহত অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙা থানার আইসি-সহ বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি পৌঁছায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। পরে পুলিশের উপস্থিতিতেই বিজেপি কর্মীদের বাস সেখান থেকে নিরাপদে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেয়।
অন্যদিকে, এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও একজন কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। বর্তমানে দুই পক্ষের আহতদেরই মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে।
বিজেপির তরফে তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলা হয়েছে। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অবশ্য সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের দাবি, এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ এবং ঘটনাকে ভিন্ন দিকে মোড় ঘোরাতেই এইচেষ্টা করা হচ্ছে।
নির্বাচনের আগে মাথাভাঙায় এমন সংঘর্ষ নতুন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে।