• সাসপেন্ড কসবা থানার ওসি, কমিশনের কড়া পদক্ষেপ
    আজকাল | ০৫ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: এবার সাসপেন্ড কসবা থানার ওসি বিশ্বজিৎ দেবনাথ। জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে আড়াল করার অভিযোগেই বিশ্বজিৎ দেবনাথের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন। 

    অভিযোগ, কুখ্যাত দুষ্কৃতী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর নাম অ্যাক্টিভ ক্রিমিনাল লিস্ট বা সক্রিয় অপরাধীদের তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছিলেন। বিষয়টি তদন্তে ধরা পড়তেই হুলস্থূল পড়ে যায়। তার জেরেই সাসপেন্ড হতে হল কসবা থানার ওসি'কে।

    উল্লেখ্য, কসবা ও ঢাকুরিয়া এলাকায় দীর্ঘদিন ধরেই আতঙ্কের নাম সোনা পাপ্পু। স্থানীয়দের কাছে তিনি ত্রাস হিসেবেই পরিচিত। তোলাবাজি, এলাকায় অশান্তি, বেআইনি নির্মাণ, গোষ্ঠীদ্বন্দ্বে উস্কানি দেওয়া-সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে সোনা পাপ্পুর বিরুদ্ধে। সংঘর্ষ ও গুলি বোমাবাজির ঘটনাতেও একাধিকবার নাম জড়িয়েছে তার। এরপরও কেন  সোনা পাপ্পুর নাম অ্যাক্টিভ ক্রিমিনাল লিস্ট বা সক্রিয় অপরাধীদের তালিকা থেকে বাদ পড়ল তা নিয়ে প্রস্ন ওঠে।

    এদিকে আর্থিক তছরুপের মামলায় সোনা পাপ্পুকে আগামী ৮ এপ্রিল তলব করেছে ইডি।

    ভোটের মুখে কয়েক দিন আগেই আর্থিক প্রতারণা মামলার তদন্তে সোনা পাপ্পুর বালিগঞ্জের দু'টি বাড়ি অভিযান চালায় ইডি। এচাড়া পাপ্পু ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বাড়িতেও চলে তল্লাশি। উদ্ধার হয় প্রচুর টাকা। পাপ্পুর ফার্ন রোডের বাড়ি থেকে উদ্ধার হয় অস্ত্র।

    অভিযোগ, নির্মাণকাজের নামে কোটি কোটি টাকা তুলেছেন সোনা পাপ্পু। সেই টাকা তিনি পৌঁছে দেন প্রভাবশালীদের কাছে। সেই বিপুল পরিমাণ টাকার সূত্র খুঁজতেই গানুা দেয় ইডি।

     
  • Link to this news (আজকাল)