• হাওড়ায় নেশামুক্তি কেন্দ্রে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ! গ্রেপ্তার ম্যানেজার
    এই সময় | ০৫ এপ্রিল ২০২৬
  • নেশামুক্তি কেন্দ্রে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ হাওড়ার লিলুয়ায়। মৃতের নাম মাধব সরকার। এই ঘটনায় তদন্ত শুরু করেছে লিলুয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, নেশামুক্তি কেন্দ্রের ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    গত ২৩ মার্চ লিলুয়ার কামারপাড়ায় একটি নেশামুক্তি কেন্দ্রে মাধব (৪১)-কে ভর্তি করে তাঁর পরিবারের লোকেরা। লিলুয়ার আনন্দনগর এলাকার বাসিন্দা মাধব পেশায় কাঠের মিস্ত্রি ছিলেন। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন হেরোইনের নেশায় আসক্ত ছিলেন মাধব। এর জেরে পরিবারে প্রায় অশান্তি লেগেই থাকত। তাই তাঁর স্ত্রী এবং বাড়ির অন্যান্য সদস্যেরা তাঁকে নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করেন। সেখানে চিকিৎসাও শুরু হয়। কিন্তু অভিযোগ, গত কয়েক দিন ধরেই মাধবের সম্পর্কে কোনও খবরাখবর পাচ্ছিলেন না তাঁরা। নেশামুক্তি কেন্দ্র থেকে তাঁদের কিছুই জানানো হতো না। মাধবের সঙ্গে দেখা করারও সুযোগ দেওয়া হতো না বলে দাবি পরিবারের। তার পরেই যুবকের মৃত্যুর খবর জানতে পারে পরিবার।

    পরিবার জানিয়েছে, কিছু দিন আগে মাধবের একটি ভিডিয়ো পাঠানো হয়েছিল। সেখানে তাঁকে অসুস্থ দেখিয়েছিল। এর পর রবিবার সকালে নেশামুক্তি কেন্দ্র থেকে বাড়িতে ফোন করে জানানো হয়, মাধব গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিবার জানতে পারে, তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয়েছে। এর পরেই বাড়ির লোকেরা নেশামুক্তি কেন্দ্রে যান। খবর পেয়ে ঘটনাস্থলে যান জগদীশপুর পুলিশ ফাঁড়ির কর্মীরাও। মাধবের স্ত্রী এবং ভাইয়ের অভিযোগ, মাধবকে পাইপ দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে। ওখানে প্রায়ই রোগীদের বেধড়ক মারধর করা হতো। তাঁর গায়েও আঘাতের চিহ্ন আছে। এই ঘটনায় তারা জগদীশপুর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

    পুলিশ সূত্রে খবর, মাধবের দেহের ময়নাতদন্ত ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এই ঘটনায় রোহিত জয়সওয়াল নামে ওই কেন্দ্রের ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাশাপাশি, ওই নেশামুক্তি কেন্দ্রের সরকারি রেজিস্ট্রেশন আছে কি না এবং চিকিৎসক ছিলেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

  • Link to this news (এই সময়)