• মালদার ঘটনাকে তৃণমূলের ‘মহা জঙ্গলরাজের উদাহরণ’ বললেন মোদী
    এই সময় | ০৫ এপ্রিল ২০২৬
  • মালদার ঘটনায় কড়া প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। SIR-র কাজে যুক্ত বিচারকদের আটকে রাখার ঘটনাকে তৃণমূলের ‘মহা জঙ্গলরাজের উদাহরণ’ বললেন তিনি। রবিবার কোচবিহারের রাসমেলা ময়দানে নির্বাচনী প্রচার সভা করেন তিনি। সেই সভা থেকেই মালদার মোথাবাড়ি বিধানসভার কালিয়াচকের ঘটনার তীব্র নিন্দা করেন।

    মোদী বলেন, ‘২-৩ দিন আগেই গোটা দেশ দেখেছে মালদায় কী ভাবে বিচারকদের আটকে রাখা হয়েছিল। সকলে চমকে গিয়েছেন। ভাবুন এটা কেমন সরকার চলছে? কেমন ব্যবস্থা? যেখানে বিচারক এবং সংবিধানের প্রক্রিয়াও সুরক্ষিত নয়। তা হলে এদের কাছ থেকে বাংলার সাধারণ মানুষের নিরাপত্তার প্রত্যাশা কী ভাবেই বা রাখা যায়? মালদায় যা হয়েছে, তা এই নির্মম সরকার তৃণমূলের মহা জঙ্গলরাজের উদাহরণ।’

    এই ঘটনায় বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সওয়াল করেন প্রধানমন্ত্রী। প্রশ্ন তোলেন, কতটা খারাপ অবস্থা হলে, দেশের শীর্ষ আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে। মোদীর কথায়, ‘তৃণমূল বাংলায় আইনকানুন শেষ করে দিচ্ছে। গোটা বাংলাকে বরবাদ করেছে এই সরকার।’

    যদিও এই ঘটনাকে আগেই পরিকল্পিত বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ব্যাখ্যা ছিল, নির্বাচন কমিশন সমস্ত পুরোনো আধিকারিকদের সরিয়ে দিয়েছে। বলেছিলেন, ‘আইনশৃঙ্খলা এখন সবটাই আমার হাত থেকে কেড়ে নির্বাচন কমিশনের হাতে দিয়েছে। ওরা হোম মিনিস্টার অমিত শাহের কথায় চলে।’

    তবে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত ভাবে এই মামলা নেয়। SIR-র কাজে নিযুক্ত বিচারকদের প্রায় ১৫ ঘণ্টা আটকে রাখার ঘটনায় রাজ্যকে চরম ভর্ৎসনার মুখে পড়তে হয়। কেন মুখ্যসচিব, ডিজিপি, জেলাশাসকের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না, তা-ও জানতে চায় কোর্ট। আপাতত সেই ঘটনার তদন্তভার NIA-র হাতে। এখনও অবধি ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামও ধরা পড়েছে।

  • Link to this news (এই সময়)