• হোমস্টেতে শেষবার ফোন করে বলেন, ‘হারিয়ে গিয়েছি’, কর্নাটকের পাহাড়ে ট্রেক করতে গিয়ে নিখোঁজ তরুণী
    এই সময় | ০৬ এপ্রিল ২০২৬
  • তাদিয়ানদামোল পাহাড়ে ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ কেরালার এক তথ্যপ্রযুক্তি কর্মী। নিখোঁজ ওই তরুণীর নাম জি এস শারন্যা (৩৬)। গত ২ এপ্রিল থেকে তাঁর কোনও খোঁজ মিলছিল না বলে খবর।

    জানা গিয়েছে, শারন্যা একাই কেরালা থেকে কোডাগুতে ট্রেকিং করতে যান এবং কাক্কাবে গ্রামের একটি হোমস্টেতে উঠেছিলেন। সেখান থেকে তিনি তাদিয়ানদামোল পাহাড়ে ট্রেকিংয়ে বের হন। বন দপ্তর সূত্রে জানা যায়, এলাকায় বন্য হাতির উপস্থিতির কারণে তাঁকে একা যেতে নিষেধ করা হয়েছিল এবং একটি ট্রেকার দলের সঙ্গে যেতে বলা হয়।

    তবে ২ এপ্রিল তিনি একটি গাইড ও অন্যান্য ট্রেকারদের সঙ্গে পাহাড়ে ওঠেন। তবে সেদিনই বিকেলের দিকে দল থেকে বিচ্ছিন্ন হয়ে যান তিনি। পরে তিনি হোম স্টেতে ফোন করে জানান, তিনি পথ হারিয়েছেন। এর পর থেকেই তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি।

    পুলিশ, বন দপ্তর, ডগ স্কোয়াড মিলিয়ে একাধিক দল গঠন করে তল্লাশি শুরু হয়। তল্লাশির জন্য ড্রোন ও থার্মাল ক্যামেরাও ব্যবহার করা হচ্ছে। মোট ৯টি দল এই উদ্ধার অভিযানে নেমেছে বলে প্রশাসন জানিয়েছে।

    কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া-কে চিঠি লিখে দ্রুত পদক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন। তিনি নিখোঁজ তরুণীকে দ্রুত উদ্ধার করার জন্য তল্লাশি আরও জোরদার করার আবেদন জানান। অন্য দিকে, কর্নাটকের বনমন্ত্রী ঈশ্বর খাণ্ড্রে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে তল্লাশির জন্য। সে রাজ্যের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গম জঙ্গল এলাকা হওয়ায় উদ্ধারকাজে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। তবুও দ্রুত শারন্যার সন্ধান পাওয়ার আশায় তল্লাশি অব্যাহত রয়েছে।

  • Link to this news (এই সময়)