পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব পড়েছে ভারতেও। বাংলাতেও একাধিক জেলায় গ্যাস সিলিন্ডার সরবরাহ নিয়ে নানা অভিযোগ আসছে। গ্রামাঞ্চলে গ্যাস ছেড়ে অনেকেই কাঠের জ্বালানি বা মাটির উনুনে রান্না করছেন। সেই চিত্র দেখা গেল খড়্গপুর গ্রামীণ বিধানসভা এলাকায়। সেই বাড়িতেই গিয়ে মাংস কষলেন বিজেপি প্রার্থী তপন ভূঁইয়া।
ভোটের প্রচারে বেরিয়ে গৃহস্থের বাড়িতে কখনও দাড়ি কামিয়ে দেওয়া, কখনও আনাজ কেটে দেওয়ার কাজ করতে দেখা গিয়েছে অনেক প্রার্থীকে। গৃহস্থের বাড়িতে ঢুকে এ বার মাংস রান্নায় হাত লাগালেন তপন ভূঁইয়া। রবিবার সকাল সকাল ভোটের প্রচারে বের হন তিনি। তাঁর নির্বাচনী ক্ষেত্রের কেন্দুয়াপাল তেতুলিয়া বুথে ভোট প্রচারের সময় হঠাৎ এক গৃহস্থের বাড়িতে ঢুকে যান। গৃহকত্রী তখন মাংস রান্না করছিলেন। বিজেপি প্রার্থী ওই মহিলার হাত থেকে খুন্তি নিয়ে মাংস রান্নায় হাত লাগান।
এই বিষয়ে বিজেপি প্রার্থী তপন ভূঁইয়া বলেন, ‘আমি যখন ওই এলাকায় যাই ওই পরিবারের লোকজন আমাকে এবং আমার কর্মীদেরকে খেয়ে যেতে অনুরোধ করেন। কারণ ওখানকার মানুষের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক। ওই পরিবারে গ্যাসের কানেকশন রয়েছে। পরিবারটি কৃষক পরিবার। গ্যাসের সাশ্রয় ঘটাতে অনেক সময় কাঠের জ্বালানিতে রান্না করেন। আমাদের বাড়িতেও অনেক সময় গ্যাসের সাশ্রয় ঘটাতে কাঠ দিয়ে রান্না হয়। এতে কোনও সমস্যা নেই।’
বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘ভিডিয়োটি আমি দেখেছি। ওইটা রাজনৈতিক গিমিক ছাড়া কিছুই নয়। ভিডিয়োতে দেখা যাচ্ছে ওইখানে কাঠের উনুনে রান্না হচ্ছে। মোদী সরকারের চরম ব্যর্থতার জন্য গ্যাসের দাম যে হারে বাড়ছে গৃহস্থের নাভিশ্বাস উঠে যাচ্ছে। গ্যাসের দাম বৃদ্ধি হচ্ছে বলেই ওই মহিলা গ্যাসের সাশ্রয় করতে বাধ্য হচ্ছেন । বিজেপির লজ্জা লাগা দরকার।’