• 'শাহর টাকে অবির', কল্যাণের বিরুদ্ধে কমিশনে বিজেপি
    আজকাল | ০৬ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: তুঙ্গে বাংলার ভোট যুদ্ধ। বাক্যবাণে একে অপরকে নিশানা করছেন সব দলের প্রার্থীরা। শনিবার সন্ধ্যায় বাঁকুড়ার তৃণমূল ভবনের সামনে তৃণমূলের কর্মিসভায় উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ কল্যান ব্যানার্জি। সেখানেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহের বিরুদ্ধে সুর চড়ান তিনি। যা নিয়ে বিতর্ক মাথাচাড়া দেয়। শ্রীরামপুরের সাংসদের বিরুদ্ধে কমিশনে নালিশ করেছে বিজেপি। থামতে রাজি নন কল্যাণও। বিজেপির পদক্ষেপের পাল্টা মুখ খুলেছেন তিনি।

    কী বলেছিলেন কল্যাণ ব্যানার্জি? গত বুধবার কলকাতার ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী মনোনয়ন জমা দেন। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মনোনয়নের আগে শোভাযাত্রার সময় শাহ বলেছিলেন, "পশ্চিমবঙ্গ নির্বাচনের জন্য ১৫ দিন আমি এখানেই থাকব। আপনাদের সঙ্গে কথা হবে।"

    বিজেপির 'চাণক্য' অমিত শাহর সেই বক্তব্যের প্রেক্ষিতেই তোপ দাগেন কল্যাণ ব্যানার্জি। বাঁকুড়ার কর্মীসভা শেষে তিনি বলেন, "ইডি, সিবিআই অনেক হল। তাতেও পারল না। বলছেন ১৫ দিন বাংলায় থাকব। থাকুন, কিন্তু ৪ঠা মে এমন জায়গায় থাকবেন যাতে আপনার টাকে সবুজ আবির মাখাতে পারি। এটাই আমার ইচ্ছে।"

    বিজেপির অভিযোগ:তৃণমূল সাংসদের এই বক্তব্যের নিন্দা করেছে গেরুয়া বাহিনী। কল্যাণ ব্যানার্জির রুচিবোধ নিয়ে প্রস্ন তোলা হয়। নালিশ করা হয়েছে নির্বাচন কমিুশনের কাছেও।

    পাল্টা তোপ তৃণমূল সাংসদের:বিজেপির নালিশ, কমিশন যদি পদক্ষেপ করে, এ সবে মোটেও দমবার পাত্র নন শ্রীরামপুরের সাংসদ।উল্টে তিনি বলেছেন, "বাংলা ভাষাটা তো ওঁরা বোঝেন না। আর সেজন্যই কৌতুকটাও ধরতে পারেন না। যাই হোক যা করেছে ভাল করেছে। যখন আসবে তখন উত্তর দেব। অত বড় চ্যালেঞ্জ অমিত শাহ দিয়েছেন এবং সেই চ্যালেঞ্জে তাঁকে হারিয়ে আনন্দ করব না! ওঁর সামনেই তো আনন্দ করব।"

     
  • Link to this news (আজকাল)