বাংলা ও কেরলে কঠিন লড়াইয়ের মুখে বিজেপি, মন্তব্য মাজিদ মেমনের
দৈনিক স্টেটসম্যান | ০৬ এপ্রিল ২০২৬
বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এখানকার মানুষ এখনও দৃঢ়ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছেন। তাঁর কথায়, ‘বাংলার মানুষ স্পষ্টভাবে তৃণমূলের ওপর আস্থা রেখেছেন। বিজেপিকে তারা গ্রহণ করেননি।’
তিনি আরও বলেন, বাংলায় ভোট জেতা বিজেপির পক্ষে সহজ নয়। প্রার্থী হিসেবে যাকেই দাঁড় করানো হোক, বাইরের নেতা বা পরিচিত মুখ— তাতে পরিস্থিতির খুব একটা পরিবর্তন হবে না। শেষ পর্যন্ত মানুষের মতই ফলাফলে প্রতিফলিত হবে বলে তিনি মনে করেন। কেরল প্রসঙ্গেও একই চিত্র তুলে ধরেন তিনি। তাঁর দাবি, সেখানে বিজেপির সংগঠনগত শক্তি এখনও খুবই সীমিত। মাত্র একজন বিধায়ক নিয়ে সরকার গঠনের স্বপ্ন দেখা বাস্তবসম্মত নয় বলেই মন্তব্য করেন তিনি।
চলচ্চিত্র নিয়ে সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গেও তিনি মত প্রকাশ করেন। তিনি বলেন, সব ধরনের নিষেধাজ্ঞা সমর্থনযোগ্য নয়, তবে কোনও বিষয়ে আপত্তি থাকলে তা নিয়ে মত প্রকাশ করা গণতান্ত্রিক অধিকার। এছাড়াও পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য নিয়ে কড়া সমালোচনা করেন তিনি। তাঁর মতে, এই ধরনের হুমকিমূলক বক্তব্য দুই দেশের সম্পর্কের পক্ষে ভাল নয়। সংযত ভাষা ব্যবহার করে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার প্রয়োজন রয়েছে।
বিধানসভা ভোটের আগে তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে বাংলায় তৃণমূলের প্রতি মানুষের আস্থা নিয়ে তাঁর স্পষ্ট বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।