আত্মঘাতী হলেন জলপাইগুড়ির (Jalpaiguri) মালবাজার বিধানসভার এক যুবক। ভোটার তালিকায় নাম না থাকায় অবসাদে আত্মহত্যা করছেন তিনি বলে দাবি প্রতিবেশীদের।
মৃতের নাম পিকলু ওরাও (৩৮)। তাঁর বাড়ি মালবাজার বিধানসভার কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেপুচাপুর বস্তি এলাকায়।
পিকলু এলাকায় থাকতেন না। তিনি অকৃতদার। বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে কাজ করেছেন তিনি। তবে কোনও বৈধ নথি তাঁর কাছে ছিল না বলেই প্রতিবেশীদের দাবি। ভোটার কার্ড, আধার কার্ড (Aadhaar Card) কোনও কিছু না থাকায় স্বভাবতই SIR তালিকার আওতার বাইরে থেকে গিয়েছিলেন তিনি। সম্প্রতি তিনি বাড়ি ফিরে আসেন। রাজ্যে ভোটের আবহ এবং SIR-এর নাম শুনে আতঙ্কিত হয়ে আত্মহত্যা করতে পারেন পিকলু বলে প্রতিবেশীদের দাবি।
রবিবার সকালে বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর দেহ। মালবাজার (Malbazar) থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে, আত্মহত্যার বিষয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ জানিয়েছে।
এদিনই ওই এলাকায় প্রচারে আসেন মালবাজারের তৃণমূল প্রার্থী বুলুচিক বড়াইক। তিনি এসে প্রতিবেশী ও আত্মীয়দের সমবেদনা জানান।
প্রসঙ্গত, ভোটার তালিকায় (Voter list) নাম না থাকার আতঙ্কে আগেই আত্মহত্যা করেছেন রাজ্যের অনেক মানুষ। শনিবার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন হুগলির রিষড়া গ্রামপঞ্চায়েতের বারুজীবী এলাকার বাসিন্দা মিনতি সেন (৫৮)। ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের। তাঁর ছেলের নাম বাদ গিয়েছে। এই কারণে চিন্তিত ছিলেন তিনি।
ভোটার তালিকায় নাম না থাকার অন্য অনেকের মৃত্যুর ঘটনায় নির্বাচন কমিশনকে দায়ী করেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)।