কোচবিহারের (Cooch Behar) সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করে ‘হিসাব’ নেওয়ার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। হুঁশিয়ারির সুরে বলেছিলেন, ‘ভোট মিটলে এদের পাপের হিসাব হবে।’ রবিবার রাতে তার জবাব দিতে গিয়ে মোদীর বিচারবুদ্ধি লোপ পেয়েছে বলে কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি মনে করিয়ে দেন, ‘গণতন্ত্রে আমজনতা শাসকের হিসেব নেয়। উল্টোটা নয়।’ মোদী নিজেকে ঈশ্বর মনে করছেন বলেও কটাক্ষ করেন তিনি।
কোচবিহারে মোদীর সভায় ট্যাগ লাইন ছিল ‘হিসাব’। ঘুরিয়ে ফিরিয়ে এই প্রসঙ্গ বার বার কুলেছেন তিনি। কখনও তৃণমূলকে কাঠগড়ায় তুলে বলেছেন, ‘ভোটের পরে আপনাদের পাপের হিসাব বুঝে নেওয়া হবে।’ আবার কখনও হুঁশিয়ারি দিয়েছেন, ‘বেছে বেছে হিসাব নেব।’ তার জবাবে এ দিন ‘বাংলার প্রাপ্য টাকা’ আটকে রাখা থেকে ভিন রাজ্যে বাঙালিদের উপরে আক্রমণের ‘হিসাব’ দিলেন অভিষেক। টেনে আনলেন SIR আবহে মৃতদের প্রসঙ্গও।
মোদী নিজেকে ‘ঈশ্বর মনে করছেন’ বলে কটাক্ষ করে নিজের X হ্যান্ডলে অভিষেক লিখেছেন, ‘প্রধানমন্ত্রী কার্যত নিজেকে ঈশ্বরের আসনে বসিয়েছেন। তিনি ভাবছেন, বাংলার মানুষ বার বার তাঁকে ও তাঁর দলকে প্রত্যাখ্যান করেছে বলে, তাঁদের হিসাব তিনি নিজেই নেবেন। এই অহংকারের কারণেই তাঁর বিচারবুদ্ধি লোপ পেয়েছে।’ এর পরেই গণতন্ত্রের নিয়ম মনে করে দিয়ে তিনি বলেন, ‘গণতন্ত্রে নিয়ম সম্পূর্ণ উল্টো। এখানে মানুষ শাসকের হিসাব নেয়, শাসক মানুষের নয়।’ তাঁর হুঁশিয়ারি, ‘সেই হিসাব বাংলার মানুষ নেবেই।’
‘কেন্দ্রীয় বঞ্চনার’ প্রসঙ্গ টেনে এনে বেশ কিছু ‘হিসাব’ নেওয়ার কথা বলেছেন অভিষেকও। তিনি লিখেছেন, ‘বাংলার প্রাপ্য ২ লক্ষ কোটি টাকা আটকে রাখার হিসাব হবে। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপরে অত্যাচার, আমাদের ভাষা, সংস্কৃতি, খাদ্যাভাসের বিরুদ্ধে আক্রমণ, সম্প্রীতির বাংলায় বিভেদের বিষ ছড়ানোর চেষ্টার হিসাব নেওয়া হবে। SIR-এর নামে বৈধ ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়ার হিসাব নেবে বাংলা।’
বিধানসভা ভোটে বাংলার মানুষ তৃণমূলের পাশে থাকবে বলেও আত্মবিশ্বাসী অভিষেক। প্রত্যয়ের সঙ্গে মোদীর উদ্দেশে তিনি লিখেছেন, ‘রায়না, গোসাবা, সাতগাছিয়া থেকে বাংলার ২৯৪টি কেন্দ্রের মানুষ প্রস্তুত। শেষ কথা বলবে ব্যালট বক্স। আর সেই রায় যাবে মা-মাটি-মানুষের প্রার্থীর পক্ষে।’ অভিষেকের সাফ কথা, ‘মোদী হিসাব চেয়েছেন। বাংলার মানুষ সেই হিসাব ঠিক বুঝিয়ে দেবে।’