ভোটের দিন (West Bengal Assembly Election 2026) যত এগিয়ে আসছে, নির্বাচনী উত্তাপ তত বাড়ছে। প্রচারে হুমকি দেওয়ার অভিযোগ উঠছে লাগাতার। তবে প্রার্থী বা কোনও দলকে নয়, সরাসরি ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল বীরভূমের মুরারইয়ের ডুমুরগ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী টনিক শেখের বিরুদ্ধে। রবিবার ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে (সত্যতা যাচাই করেনি এই সময় অনলাইন) তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘কংগ্রেসকে (Congress) ভোট দিলে বাড়ি থেকে বের করে দেব।’ এই ঘটনায় তৃণমূলের (TMC) বিরুদ্ধে নির্বাচন কমিশনে (Election Commission) অভিযোগ দায়ের করতে চলেছে কংগ্রেসে।
মুরারই কেন্দ্রে সঞ্জীবুর রহমানকে প্রার্থী করেছে হাত শিবির। কয়েক দিন আগেও তিনি তৃণমূলে ছিলেন। মুরারই কেন্দ্রের তৃণমূল প্রার্থী মোশারফ হোসেনের হয়ে প্রচারও করছিলেন। কিন্তু কংগ্রেস প্রার্থী তালিকা প্রকাশের ঠিক আগে হাত শিবিরে যোগ দেন। এতেই বীরভূম তৃণমূলের একাংশ প্রবল ক্ষুব্ধ বলে জেলার রাজনৈতিক মহল সূত্রে খবর।
এ দিন টনিক শেখের একটি পথসভার ভিডিয়ো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, মাইক্রোফোন হাতে তিনি দাঁড়িয়ে বক্তব্য পেশ করছেন। আর তাঁকে ঘিরে বসে আছেন স্থানীয় বাসিন্দারা। সেই সময়েই টনিক শেখ বলেন, ‘যারা চার দিন আগে তৃণমূল করছিল, এখন কংগ্রেস করছে, তাঁদের ভোট দিলে বাড়ি থেকে বের করে দেব।’ ভিডিয়োতে সঞ্জীবুরের নাম নেননি তিনি। তবে টনিকের বক্তব্যের ইঙ্গিত যে তাঁর দিকেই ছিল, সেই বিষয়ে কার্যত একমত ওয়াকিবহাল মহলের একাংশ।
তবে এমন হুমকি দেওয়া ঠিক হয়নি বলেই জানিয়েছেন তৃণমূল নেতা তথা হাসন কেন্দ্রের প্রার্থী কাজল শেখ। তিনি বলেন, ‘এমন ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। তবে যদি কেউ হুমকি দিয়ে থাকেন, ঠিক করেননি।’ তাঁর আরও দাবি, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন হয়েছে। তাই মানুষ এমনিই তৃণমূলকে ভোট দেবেন।’
টনিক শেখের ভিডিয়ো নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে কংগ্রেস। তাঁদের দাবি, ভোটারদের ভয় দেখিয়ে ভোট আদায় করার চেষ্টা চলছে। শুধু তাই নয়, এমন ঘটনা অবাধ নির্বাচনের উপরে আঘাত বলেও মনে করছে হাত শিবির। হুমকির ভিডিয়ো নিয়ে তারা তৃণমূলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করবেন বলে জানিয়েছেন মুরারইয়ের স্থানীয় কংগ্রেস নেতারা।