• ধস নেমে অবরুদ্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক, রবির পরে সোমেও বন্ধ যান চলাচল
    এই সময় | ০৬ এপ্রিল ২০২৬
  • প্রবল ধস নেমে জম্মু-শ্রীনগর ৪৪ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ। সোমবার ভোর তিনটে নাগাদ রামবান জেলায় ধস নামে। তার জেরে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ।

    জম্মু প্রশাসন সূত্রে খবর, কারোল ব্রিজ এবং চান্দের কোট এলাকার মাঝখানে এ দিন ভোরে ধস নামে। ধসের জেরে গোটা এলাকা জুড়ে পাহাড় থেকে একটানা পাথর গড়িয়ে পড়ছে বলে খবর। মাটি ও ধ্বংসাবশেষে ঢেকে গিয়েছে গোটা জাতীয় সড়ক। তার জেরে জম্মু থেকে শ্রীনগর এবং শ্রীনগর থেকে জম্মু দু’দিকেই যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে।

    প্রশাসন পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তার স্বার্থে ওই অঞ্চলে যান চলাচল বন্ধ করে দিয়েছে। বর্তমানে রাস্তা পরিষ্কার করে গাড়ি চলাচল স্বাভাবিক চালু করার কাজ চলছে। তবে তাতে কতটা সময় লাগবে তা এখনও স্পষ্ট নয়। আটকে রয়েছে শতাধিক যানবাহন। ভোগান্তিতে পর্যটকেরাও।

    জম্মু-শ্রীনগর জাতীয় সড়কটি কাশ্মীর উপত্যকাকে দেশের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করার অন্যতম প্রধান পথ। ফলে ধসের কারণে গোটা এলাকার যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ধসের পাশাপাশি “শুটিং স্টোন” বা উপর থেকে পাথর গড়িয়ে পড়ার ঘটনার কারণেও সাবধানতাবশত ওই এলাকায় যান চলাচল বন্ধ রাখে প্রশাসন।

    এর আগে, ৪ এপ্রিলও একই জেলায় বানিহাল এলাকায় আরেকটি ভূমিধসের কারণে জাতীয় সড়কের একটি অংশ বন্ধ হয়ে গিয়েছিল। তখনও প্রশাসন দ্রুত রাস্তা পরিষ্কারের কাজ শুরু করলেও বড় বড় পাথর ও ধ্বংসাবশেষ সরাতে সময় লেগেছিল এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল।

    এই ধারাবাহিক ধসের ঘটনায় স্পষ্ট, পাহাড়ের এই গুরুত্বপূর্ণ সড়কটি বারবার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে কাশ্মীর উপত্যকার সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগে ভোগান্তি। সমস্যায় পড়ছেন পর্যটকেরাও।

  • Link to this news (এই সময়)