এই সময়, বারাসত: নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই এ রাজ্যে চালু হয়ে গিয়েছে নির্বাচনী বিধি। নিয়ম অনুযায়ী নির্বাচনী বিধির মধ্যে সরকারি কোনও জায়গায় ছবি দিয়ে সরকারের কর্মসূচির বিজ্ঞাপন করা যাবে না। তা করা হলে নির্বাচনী বিধিভঙ্গের সামিল। অথচ নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে শিয়ালদহ দক্ষিণ শাখার রেলের মতো সরকারি জায়গায় ট্রেনের টাইমটেবিল ডিসপ্লে বোর্ডে দিব্যি রয়েছে 'ইন্ডিয়া মাতৃটাইম উইক-২০২৫'-এর প্রচার। তাতে ছবি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর শান্তনু ঠাকুরের।
শান্তনুর স্ত্রী সোমা ও বার বাগদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে কমিশনের কাছে সোমা ঠাকুর-সহ বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। অবিলম্বে নির্বাচনী বিধিভঙ্গের দায়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য কমিশনের কাছে দাবিও জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব।
শিয়ালদহ দক্ষিণ শাখার ১৯ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের টাইম টেবিলের একটি ডিসপ্লে বোর্ড রয়েছে। সেই টাইম টেবিল ডিসপ্লে বোর্ডে লাগানো রয়েছে ইন্ডিয়া মাতৃটাইম উইক-২০২৫। প্রতি ৩০ সেকেন্ড অন্তর অন্তর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের ছবি রয়েছে সেই বোর্ডে। প্রতি দিন কয়েক লক্ষ মানুষ এই ডিসপ্লে বোর্ড দেখছেন। ফলে নির্বাচনী বিধি চালুর মধ্যে বিজেপি সুকৌশলে নির্বাচনী প্রচার চালানো হচ্ছে বলেই অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল নেতৃত্ব।
এই বিষয়ে একাধিকবার শান্তনু ঠাকুর এবং সোমা ঠাকুরকে ফোন করা হলেও তাঁরা কেউই ফোন ধরেননি। বনগাঁর সাংগঠনিক জেলার সভাপতি তথা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস বলেন, 'বিজেপি দেশের সংবিধান, নির্বাচনের আচরণ বিধি মানে না। ওরা নিজেদের নিয়ম বজায় রাখতে চায়। এর জবাব মানুষ ভোটে দেবেন।'