প্রায় ৪ ডিগ্রি নামল সর্বোচ্চ তাপমাত্রা, আজ কলকাতা সহ জেলায় জেলায় কখন বৃষ্টির সম্ভাবনা?
আজ তক | ০৬ এপ্রিল ২০২৬
কলকাতা সহ জেলায় জেলায় রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির জেরে কমেছে তাপমাত্রা। ফলে ব্যাপক দাবদাহ থেকে স্বস্তি পাচ্ছে বাংলার মানুষ। তবে আজ, সোমবারেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধুমাত্র কলকাতা নয়, জেলায় জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দেখে নেওয়া যাক আজ কোথায় কোথায় বৃষ্টি হতে পারে।
কলকাতার আবহাওয়া
আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেল বা সন্ধ্যার দিকে হালকা বজ্রপাত সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে IMD।
পূর্বাভাস অনুযায়ী, শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। ইতিমধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে, যা স্বাভাবিকের তুলনায় ৩.৮ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি বেশি।
আর্দ্রতার মাত্রা বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯৩ শতাংশ পর্যন্ত উঠতে পারে এবং সর্বনিম্ন থাকবে প্রায় ৪৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় শহরে ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিকেলের সম্ভাব্য বৃষ্টিতে গরম থেকে আরও কিছুটা স্বস্তি মিলতে পারে বলে মনে করা হচ্ছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় অনেক জায়গায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই জায়গাগুলির এক-দু’টি জায়গায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে এবং বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। এছাড়া, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা তুলনামূলকভাবে ছোট ছোট এলাকায় প্রভাব ফেলবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।এই জেলার এক বা দুটি জায়গায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। রয়েছে বজ্রপাতের আশঙ্কাও।