বিয়ের প্রস্তাবে না, কলকাতার ময়দানে যুবতীকে পুড়িয়ে মারার অভিযোগ
আজ তক | ০৬ এপ্রিল ২০২৬
খাস কলকাতায় কলকাতা শহরের বুকে চাঞ্চল্যকর ঘটনা। ময়দান থানা এলাকায় কেরোসিন ঢেলে এক যুবতীকে পুড়িয়ে মারার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। গত ৩ এপ্রিল বিকেল ৪টে নাগাদ এই ঘটনা ঘটেছে। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ময়দান সংলগ্ন, ইডেন গার্ডেন্সের উল্টোদিকে গঙ্গা সাগর গ্রাউন্ডে এই বীভৎস ঘটনা ঘটেছে। মৃতার পরিবারের দাবি, অভিযুক্ত সিদ্ধার্থ চাড়িওয়াল ওই তরুণীকে সেখানে ডেকে নিয়ে যায়। সেখানে দু’জনের মধ্যে বচসা হয় এবং এরপরই তরুণীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
গুরুতর দগ্ধ অবস্থায় তরুণীকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। মৃত্যুর আগে তিনি পুলিশকে বয়ানও দেন। সেই বয়ানের ভিত্তিতেই বেলেঘাটা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। শনিবারই তাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে জামিনের আবেদন খারিজ করে আদালত।
তরুণীর মা জানান, “আমার মেয়েকে ইন্টারভিউয়ের নাম করে ডাকা হয়েছিল। তারপর আমি ওকে দু’বার ফোন করেও পাইনি। তৃতীয়বার ফোন করলে এক পুলিশ অফিসার ফোন তোলেন এবং জানান, বাবুঘাটের কাছে আমার মেয়েকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। হাসপাতালে গিয়ে দেখি, আমার মেয়ের সারা শরীর পুড়ে গিয়েছে।”
মৃতার মায়ের দাবি, "অভিযুক্ত ওই যুবক মেয়েকে বিয়ের প্রস্তাব দিচ্ছিল। কিন্তু মেয়ে রাজি হয়নি। এমনকী ওই ছেলেটি এরপর চাকরির প্রলোভনও দেখায়। কিন্তু তাতেও মেয়ে রাজি না হওয়ায় এই কাণ্ড ঘটানো হয়েছে।"
ব্যাঙ্কশাল আদালতে শুনানির সময়ই সরকারি আইনজীবী অরূপ চক্রবর্তী জানান, প্রথমে ভারতীয় ন্যায় সংহিতার ১০৯ ধারায় (খুনের চেষ্টা) মামলা রুজু করা হলেও, ডেথ সার্টিফিকেট ও ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই খুনের মামলা দায়ের করা হবে। অন্যদিকে, এই হামলার পিছনে শুধুই প্রেমঘটিত কারণ, নাকি অন্য কোনও উদ্দেশ্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।