গৃহস্থালির সামগ্রী বিলি, কেরলে বিজেপি নেতার বিরুদ্ধে মামলা
বর্তমান | ০৬ এপ্রিল ২০২৬
তিরুবনন্তপুরম: আগামী ৯ এপ্রিল কেরলে বিধানসভা ভোট। রাজ্যজুড়ে নির্বাচনি আদর্শ আচরণ বিধি লাগু হয়েছে। এই আবহে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে ত্রিশূরের বিজেপি নেতা রাধাকৃষ্ণনের বিরুদ্ধে মামলা দায়ের করল কমিশন। অভিযোগ, তাঁর নির্দেশে ত্রিশূর জেলায় ওলারিতে বাড়ি বাড়ি গিয়ে গৃহস্থালির সরঞ্জাম ভরতি ব্যাগ বিলি করছিলেন বিজেপি কর্মীরা। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর জানিয়েছে, অনুমতি ছাড়াই এই কাজ করা হচ্ছিল। উপহার হিসাবে বিলি করা প্রতিটি ব্যাগের মূল্য প্রায় ৯০০ টাকা। বিষয়টা কমিশনের নজরে আসে। তবে আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এলাকায় প্রায় ১০০টি কিট বিতরণ করা হয়েছে বলে অভিযোগ। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিন্দু টি এন-এর অভিযোগের ভিত্তিতে পুলিশ বিজেপি নেতা রাধাকৃষ্ণনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১৭০(১)(১) ও ১৭৩ ধারা এবং জনপ্রতিনিধিত্ব আইন-এর ১২৩(এ)(১) ধারায় মামলা রুজু করা হয়েছে তাঁর বিরুদ্ধে।