হিমন্ত বিশ্বশর্মার স্ত্রী কি আদৌ ভারতীয়, প্রশ্ন তুলল কংগ্রেস,
বর্তমান | ০৬ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অসমে কংগ্রেসের মুখ্যমন্ত্রী মুখ সাংসদ গৌরব গগৈয়ের স্ত্রী এলিজাবেথের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আছে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এবার পালটা দিল কংগ্রেস। আগামী বৃহস্পতিবার ৯ এপ্রিল অসমে ভোট। তার চারদিন আগে রবিবার দিল্লিতে কংগ্রেস সদর দপ্তরে সাংবাদিক সম্মেলন করলেন পবন খেরা। হিমন্তর স্ত্রী রিনিকি ভুঁইয়া শর্মার নামে তুললেন দুর্নীতির অভিযোগ।
আমেরিকায় কর ফাঁকি দিয়ে ৫৩ হাজার কোটি টাকার ব্যবসার পাশাপাশি রিনিকির নামে তিন দেশের পাসপোর্টও রয়েছে বলেই কিছু নথি পেশ করলেন কংগ্রেস মুখপাত্র পবন খেরা। বললেন, হিমন্ত বিশ্বশর্মা তাঁর নির্বাচনী হলফনামায় এসব উল্লেখই করেননি। তাই তাঁর মনোনয়ন বাতিলের পাশাপাশি গ্রেপ্তার করা উচিত। পালটা হুমকি দিলেন অসমের মুখ্যমন্ত্রীও। কংগ্রেসের সাংবাদিক সম্মেলনের পরেই হিমন্তর হুমকি, ৪৮ ঘণ্টার মধ্যে পবন খেরার নামে মানহানির মামলা করব। তাঁকে জেলে পাঠাব। কংগ্রেসের যাবতীয় দাবি মিথ্যা, বিভ্রান্তকর বলেই পালটা দাবি করেছেন তিনি। সঙ্গে বলেছেন, অসমে ১০০র বেশি আসনে জিতব।
পবন খেরার চাঞ্চল্যকর অভিযোগ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রী রিনিকির সংযুক্ত আরব আমিরশাহি, মিশর এবং অ্যান্টগা-বারবুডা—এই তিন দেশের পাসপোর্ট রয়েছে। সবকটি এখনও ‘ভ্যালিড।’ কোনোটি শেষ হবে ২০২৭, কোনোটি ২০৩১ বা ২০২৯ সালে। পবন খেরার তাই প্রশ্ন, ভারতে যেখানে ‘ডুয়েল সিটিজেনশিপ’ বা দ্বৈত নাগরিকত্বের অনুমোদন নেই, সেখানে কী করে অসমের মুখ্যমন্ত্রীর স্ত্রী রিনিকির কাছে তিনটে পাসপোর্ট? তবে কি তিনি আদৌ ভারতীয়? তাছাড়া হিমন্ত কেন তাঁর মনোনয়নে এসব গোপন করেছেন?
অভিযোগ চড়িয়ে পবন খেরা আরও বলেছেন, আমেরিকার ওয়াইয়োমিং প্রদেশে কর গোপনীয়তা বজায় রাখা সহজ। আর সেখানে হিমন্ত পরিবারের প্রায় ৫৩ হাজার কোটি টাকার ব্যবসা রয়েছে। পবন খেরার কটাক্ষ, দাউদ ইব্রাহিম, নীরব মোদি এবং মেহুল চোকসির মতো অপরাধীদের ক্ষেত্রে এমন ঘটনা শোনা যায়। কিন্তু কোনো রাজনৈতিক নেতার ক্ষেত্রে এর নজির নেই। তাই ভোটের সময় কেন নীরব মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার? কেন হিমন্তর মনোনয়ন বাতিল হবে না? কেন হবে না গ্রেপ্তার? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি তদন্তের জন্য এসআইটি গঠন করবেন? প্রশ্ন পবন খেরার। কটাক্ষের সুরে বললেন, অব কি বার বান্টি অউর বাবলি হোনে বালে হ্যায় ফরার!