সরকারি হাসপাতালের ওষুধ বাজারে বিক্রির চক্র, দিল্লিতে গ্রেপ্তার ৫
বর্তমান | ০৬ এপ্রিল ২০২৬
নয়াদিল্লি: সরকারি হাসপাতালের বিনামূল্যের ওষুধ চুরি করে বাজারে বিক্রি। দীর্ঘদিন করে এই কাজ চালাচ্ছিল একটি সংগঠিত চক্র। অবশেষে সেই চক্রের হদিশ পেল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। ঘটনায় এখন পর্যন্ত ৭০ লক্ষ টাকার ওষুধ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে। ঘটনায় মামলা দায়ের করা হয়েছে ক্রাইম ব্রাঞ্চ থানায়। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিল্লির তিস হাজারির জয় ভারত ট্রান্সপোর্ট এলাকায় ফাঁদ পাতে পুলিশ। সেখানে অভিযান চালিয়ে নীরজ কুমার, সুশীল কুমার ও লক্ষ্মণ মুখিয়া নামে তিনজনকে হাতেনাতে ধরা হয়। ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ ওষুধ বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার হওয়া ওষুধের গায়ে স্পষ্ট লেখা ছিল, ‘সরকারি সরবরাহের জন্য, বিক্রির জন্য নয়।’ ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে, এক থেকে দেড় বছর ধরে এই চক্রটি সক্রিয় ছিল। বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা দালালদের সাহায্যে ওষুধ চুরির কাজ চলছিল। তদন্তে আরও জানা যায়, চক্রের সঙ্গে যুক্ত রয়েছেন দীনদয়াল উপাধ্যায় হাসাপাতালের ফার্মাসিস্ট বিনেশ কুমার ও চুক্তিভিত্তিক কর্মী প্রকাশ মেহতা। স্টকের রেকর্ডে কারচুপি করে ওষুধ সরিয়ে ফেলা হত। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়। বহুমূল্য অ্যান্টিবায়োটিক ও গুরুতর রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধও রয়েছে উদ্ধারের তালিকায়। পুলিশ জানিয়েছে, ঘটনায় মূল অভিযুক্ত নীরজ। চক্রের প্রধান ডিস্ট্রিবিউটর ও রিসিভার হিসাবে কাজ করত উত্তরপ্রদেশের এই পাইকারি ওষুধ ব্যবসায়ী। বাকিরা হাসপাতাল থেকে ওষুধ সরানো ও সরবরাহের দায়িত্বে ছিল।