ছুটির দিনে গ্রাম ছেড়ে শহরের বাজার, চায়ের আড্ডায় জোর প্রচার প্রার্থীদের
বর্তমান | ০৬ এপ্রিল ২০২৬
গোপাল সূত্রধর, বালুরঘাট: রবিবার, ছুটির দিনে প্রচারের কৌশল বদল প্রার্থীদের। গত কয়েকদিন ধরে প্রার্থীরা টানা গ্রামীণ এলাকাগুলিতে প্রচার করেছেন। রবিবার বেশিরভাগ প্রার্থীর গতিবিধি ছিল শহরকেন্দ্রিক। বাড়ি বাড়ি প্রচার করলেন তাঁরা। গিয়েছিলেন চায়ের আড্ডায়, বাজারে সবজি ব্যবসায়ী এবং সাধারণ মানুষের কাছে।
এদিন বাড়িতেই ছিলেন শহরের বেশিরভাগ মানুষ। বাজারে ভিড় থাকে বলে সেদিকে বিশেষ নজর ছিল প্রার্থীদের। তবে, তৃণমূল এবং বিজেপির প্রচারের মূল ইস্যু সেই মেডিকেল কলেজ।
সকালে শহরের ২৪ নম্বর ওয়ার্ডে খাদিমপুর এলাকায় বাড়ি বাড়ি জনসংযোগ করেন বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। সঙ্গে ছিলেন শহর তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি সুভাষ চাকি। বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীর বার্তা, ভোটে জয়ী হলে ছ’মাসের মধ্যে মেডিকেল কলেজ করা হবে। অর্পিতা বলেন,গত ১০ বছরে বালুরঘাটে উন্নয়ন হয়নি। এখানকার বড় ইস্যু মেডিকেল কলেজ। আমাদের সেনাপতি এসে বলে গিয়েছেন,এখানে মেডিকেল কলেজ করা হবে। যেভাবে মানুষের জনসমর্থন পাচ্ছি, সেই জায়গা থেকে আগামী বিধানসভা নির্বাচনে বালুরঘাট আসনে তৃণমূল জিতছেই।
অন্যদিকে, বিজেপির প্রার্থী বিদ্যুৎ রায়ও বালুরঘাট শহরে প্রচার সেরেছেন। জোড়া ব্রিজ এলাকায় চায়ে পে চর্চা করেন তিনি। এরপর সবজি বাজারে প্রচার চালিয়ে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান। শহরের একগুচ্ছ উন্নয়ন এবং নানা ইস্যু তুলে ধরে বিজেপি। সকালের দিকে শহরের বাজারগুলিতে প্রচার করে নানা ওয়ার্ড ঘুরে হিলি রওনা দেন বিদ্যুৎ। বলেন, এখানকার সাংসদ সুকান্ত মজুমদার যে উন্নয়ন করেছেন, তা আর কেউ করতে পারেননি। মেডিকেল কলেজ আমাদেরই ইস্যু ছিল। এতদিন তৃণমূল মেডিকেল কলেজ করতে পারেনি। এখন ভোটের মুখে এসে বলছে সব করে দেবে। বালুরঘাটের মানুষ শিক্ষিত এবং বিচক্ষণ। তাঁরা সবই বোঝেন। দুর্নীতিগ্রস্ত সরকারকে আর চান না তাঁরা। ক্ষমতায় এসে আমরাই সব করব।
এদিকে বালুরঘাটের চকভৃগু এলাকার ১৩, ১৪ এবং ১৫ নম্বর ওয়ার্ড তপন বিধানসভার মধ্যে পড়ে। ওই এলাকার বাজারগুলিতে প্রচার করেন তপনের বিজেপি প্রার্থী বুধরাই টুডু। তিনি বলেন, ছুটির দিন বাজারে বেশি ভিড় থাকে। তাই সেখানে আজ প্রচার করলাম। মানুষ পরিবর্তন চাইছে। নিশ্চিতভাবে এবার আমার কেন্দ্রে বিজেপিকে ভোট দেবে মানুষ।
বামফ্রন্টের প্রার্থী অর্ণব চৌধুরী এদিন হিলির বিভিন্ন গ্রামগুলিতে ঘুরে ঘুরে প্রচার করেন। বহু পুরনো কর্মীদের সঙ্গে দেখা করে ভোট প্রার্থনা করেন তিনি। অন্যদিকে, বালুরঘাট শহরে কংগ্রেসের প্রচার দেখা না গেলেও টোটো করে ভোট চাইতে দেখা গেল কর্মীদের। • প্রচারে বিজেপি প্রার্থী। - নিজস্ব চিত্র।