• আলিপুরদুয়ারে কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষ, রক্তাক্ত ৪, পার্টি অফিসের তালা খোলা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি
    বর্তমান | ০৬ এপ্রিল ২০২৬
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার বিধানসভা আসনে দলীয় প্রার্থী হিসাবে কংগ্রেস মনোনয়ন দিয়েছিল দলের জেলা সভাপতি মৃন্ময় সরকারকে। মৃন্ময়বাবুকে বহিরাগত প্রার্থীর তকমা দিয়ে তাঁর বিরুদ্ধ গোষ্ঠীর নেতা প্রাক্তন জেলা সভাপতি শান্তুনু দেবনাথের অনুগামীরা গত শুক্রবার দলের জেলা পার্টি অফিসে তালা দিয়েছিলেন। রবিবার মৃন্ময়বাবু সহ তাঁর লোকজন জেলা পার্টি অফিসের তালা খুলতে এলে রণক্ষেত্রের চেহারা নেয় পার্টি অফিস চত্বর। 

    কার অনুমতি নিয়ে ও কেন পার্টি অফিসের তালা খোলা হল, এনিয়ে প্রথমে বচসা বাঁধে দুই পক্ষের মধ্যে। পরে লাঠিসোঁটা ও বাঁশ নিয়ে একে অপরের উপর চড়াও হয়। ভাঙচুর চালানো হয় পার্টি অফিসে। দুই গোষ্ঠীর হাতাহাতিতে দুই পক্ষের চারজন জখম হন। লাঠির ঘায়ে নাক-মুখ ফেটে যায় শান্তুনু দেবনাথের। মৃন্ময়বাবুর এক অনুগামীর মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় জখম চারজনকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়। 

    শহরের কলেজ হল্টে কংগ্রেস পার্টি অফিসে এই মারপিটের ঘটনায় ভিড় জমে যায়। পরে পুলিশ এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জখম শান্তনুবাবু বলেন, অনেক পরিশ্রম করে দলের জেলা পার্টি অফিস তৈরি করেছি আমরা। তাই জেলা অফিসে নির্বাচনি কার্যালয় খুলতে দেব না। ফালাকাটার বাসিন্দা মৃন্ময় সরকার বহিরাগত। একজন বহিরাগতকে কোনোভাবেই প্রার্থী হিসাবে আমাদের পক্ষে মানা সম্ভব নয়। 

    যদিও পালটা তোপ দেগে মৃন্ময়বাবু বলেন, দলের প্রার্থী কে হবেন তা ঠিক করেছে এআইসিসি। এখানে আমাদের কোনো হাত নেই। আমরা এখন ভোটের প্রচারে ব্যস্ত। ভোটের পরে আমিও এর শেষ দেখে ছাড়ব। 

    • নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)