• উত্তর সিকিমে ভয়াবহ ধস, আটকে পর্যটকরা
    বর্তমান | ০৬ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: উত্তর সিকিমে ফের ভয়াবহ ধস। আর এরই জেরে বন্ধ হয়ে গেল লাচেন যাওয়ার রাস্তা। । আটকে পড়েছেন কয়েকশো পর্যটক। টানা বৃষ্টি আর তুষারপাতে জটিল হয়েছে পরিস্থিতি। আটকে পড়া পর্যটকদের কীভাবে উদ্ধার করা হবে, তা নিয়ে উদ্বেগে সিকিম প্রশাসন। ইতিমধ্যেই জরুরি হেল্পলাইন নম্বর চালু হয়েছে— ৯৯০৭৯৫৬৭০৫ এবং ০৩৫৯২২৮১০০৭। 

    হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল জানিয়েছেন, টানা বৃষ্টির জেরে তারাম চু নদীর উপর বেইলি ব্রিজের কাছে ভয়াবহ ধস নেমেছে। এর জেরে কিছুদিন আগে লাচেন ও গুরুদংমার লেক যাওয়ার যে রাস্তা খুলেছিল, সেটি বন্ধ হয়ে গিয়েছে। লাচেনে পর্যটকদের অনেকেই আটকে পড়েছেন। সিকিম প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, তাঁরা যেন এখনই লাচেন ছাড়ার চেষ্টা না করেন। বিকল্প পথে পর্যটকদের ফেরানোর চেষ্টা চলছে। কিন্তু সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি ও তুষারপাত।

    মার্চের শেষ সপ্তাহেই উত্তর সিকিমের চুংথাং থেকে লাচেন যাওয়ার পথে একাধিক জায়গায় ধস নেমেছিল। এর জেরে আটকে পড়েছিলেন অন্তত দু’শো পর্যটক।
  • Link to this news (বর্তমান)