হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয় তৈরির প্রতিশ্রুতি মমতার, জিয়াগঞ্জের নির্বাচনি জনসভায় জনজোয়ার
বর্তমান | ০৬ এপ্রিল ২০২৬
সংবাদদাতা, লালবাগ: ‘হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয় এডুকেশন হাব হবে। আপনাদের ঘরের ছেলেমেয়েরা উচ্চশিক্ষা লাভ করতে পারবে, রিসার্চ করতে পারবে।’ রবিবার জিয়াগঞ্জের আমাইপাড়া প্রমোদ কলোনির মাঠে দলীয় প্রার্থী শাওনি সিংহরায়ের সমর্থনে জনসভায় এমনটাই বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের জনসভায় রাজ্য সরকারের একের পর এক উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মমতা। তার মধ্যে শিক্ষার উন্নয়ন ও পর্যটন বিকাশে রাজ্য সরকারের ভূমিকা তাঁর বক্তব্যে বিশেষ গুরুত্ব পেয়েছে।
এদিনের জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, মুর্শিদাবাদ জেলার ছেলেমেয়েদের স্নাতকোত্তর পড়াশোনার জন্য বহরমপুরে বিশ্ববিদ্যালয় রয়েছে। আরও ছেলেমেয়েদের উচ্চশিক্ষার সুযোগ করে দিতে আয়েসবাগের গোবিন্দপুর লাঠেরাজ মৌজায় হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয় তৈরি করছি। এজন্য ১৩একর জায়গা দেওয়া হয়েছে। ওই জায়গা প্রাচীর দিয়ে ঘেরার জন্য সাংসদ তহবিল থেকে এক কোটি টাকা দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ ও জিয়াগঞ্জ-দুই পুর এলাকার মানুষ যাতে আর্সেনিকমুক্ত জল পান করতে পারেন, সেজন্য ১০০কোটির বেশি টাকা খরচ করে দু’টি জলপ্রকল্প গড়ে তোলা হয়েছে।
ঐতিহাসিক মোতিঝিলের উন্নয়নের কথাও মুখ্যমন্ত্রী তুলে ধরেন। তিনি বলেন, মোতিঝিল দীর্ঘদিন ধরে অনাদরে, অবহেলায় পড়ে ছিল। মুর্শিদাবাদ ঘুরতে আসা পর্যটকদের জন্য মোতিঝিলকে নতুন করে সাজিয়ে তুলেছি। মোতিঝিলের খ্যাতি এখন এরাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। প্রতিবছর মোতিঝিলের আকর্ষণে লাখ লাখ মানুষ মুর্শিদাবাদ ছুটে আসেন। তৃণমূল নেত্রী জানান, মোতিঝিল থেকে পণ্ডিতবাগ ও পাঁচগ্রাম থেকে নবগ্রাম অবধি লালবাগের বহু ঐতিহাসিক জায়গা সংস্কার করে সাজিয়ে তোলা হয়েছে। ভাগীরথীর পশ্চিমপাড়ে খোশবাগে শায়িত রয়েছেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ। খোশবাগে বৃক্ষরোপণ ও আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। জিয়াগঞ্জ শহরের নেহালিয়ায় জেলা সংগ্রহশালার সৌন্দর্যায়ন হয়েছে। নবাবি স্থাপত্যের অন্যতম নিদর্শন নিউ প্যালেস বা ওয়াসেফ মঞ্জিল সংস্কার করে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। ফলে ইতিহাসের ছাত্র ও গবেষকরা উপকৃত হচ্ছেন। জগবন্ধু ধাম এবং বড়নগরের রানি ভবানীর স্মৃতিবিজড়িত মন্দির কমপ্লেক্সের উন্নয়ন হয়েছে। কাঠগোলা বাগানের আদিনাথ মন্দির ও প্রাসাদের সৌন্দর্যায়ন হয়েছে।
মুর্শিদাবাদ বিধানসভা এলাকার আরও অনেক উন্নয়নের ফিরিস্তি এদিন মুখ্যমন্ত্রী তুলে ধরেন। লালবাগ হাসপাতালে এসএনএসইউ হয়েছে। এলাকার মানুষের বিদ্যুতের চাহিদা মেটাতে গড়ে তোলা হয়েছে সাবস্টেশন। এছাড়া, কৃষকবাজার, কর্মতীর্থ, সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য দু’টি হস্টেল, ব্লাড ব্যাংক, মাদার ওয়েটিং হাব সহ অনেক কাজ হয়েছে বলে তিনি জানান। এদিন জনসভার মঞ্চে মুর্শিদাবাদের নবাব বংশের প্রতিনিধি রেজা আলি মির্জা ওরফে ছোটো নবাব উপস্থিত ছিলেন। তিনি মুখ্যমন্ত্রীর হাতে একটি উপহার তুলে দেন। এসআইআর প্রক্রিয়ায় ছোটো নবাব সহ নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম ডিলিট করা হয়েছে। এই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, একদা সুবে বাংলার নবাবদের বংশধরদের নাম ভোটার তালিকায় নেই। একবার
ভাবুন, নির্বাচন কমিশন কী করতে চাইছে। -নিজস্ব চিত্র