• সুজিতের প্রচারে উপচে পড়ল ভিড় লাল রঙের হুডখোলা জিপে সিপিএম
    বর্তমান | ০৬ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সামনে এগিয়ে চলেছে সাদা রঙের হুডখোলা জিপ। তাতে করজোড়ে দাঁড়িয়ে চারবারের বিধায়ক তথা বিধাননগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসু। জিপের পিছনে ঘাসফুল আঁকা বড়ো বড়ো ঝান্ডা। সঙ্গে প্রার্থীর কাট আউট। পিছনে পথ হাঁটছেন অজস্র কর্মী-সমর্থক। প্রার্থী কখনও হাত নাড়ছেন। কখনও আবার দাঁড়িয়ে কথা বলছেন ভোটারের সঙ্গে। কেউ এসে পরিয়ে দিচ্ছেন ফুলের মালা। রবিবার সল্টলেকে সুজিত বসুর প্রচারে দেখা গেল এমনই ছবি। প্রচারে পিছিয়ে নেই বাম শিবির। এদিন সল্টলেকে হুডখোলা জিপ নিয়েই প্রচার সারেন সিপিএম প্রার্থী সৌম্যজিৎ রাহা। সুজিত বসুর জিপের রং সাদা হলেও সৌম্যজিতের লাল!

    গত রবিবারও সল্টলেকে হুডখোলা জিপে মেগা র‌্যালি করেছিলেন সুজিত বসু। এই রবিবার সকালেও সল্টলেকে মেগা র‌্যালির আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। বিধাননগর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের সুকান্তনগর লোহারপোল এলাকা থেকে সুজিত বসুর র‌্যালি শুরু হয়। ৩৬ নম্বর ওয়ার্ডের ছয়নাভি এলাকায় গিয়ে মিছিল শেষ হয়। শেষে বক্তব্যও রাখেন তৃণমূল প্রার্থী। সন্ধ্যার সময় সুজিত বসু জনসংযোগ করেন। এদিন সকালে সল্টলেকে হুডখোলা জিপে প্রচার করেন সিপিএম প্রার্থী সৌম্যজিৎ রাহা। বৈশাখী, ফাল্গুনি, পূর্বাচল, ইএসআ‌ই ব্লক, এইচসি, এফসি,জিসি ঘুরে এফডিতে মিছিল শেষ হয়। পরে তিনি জনসংযোগ করেন। এদিন হুডখোলা জিপে প্রচার করেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী শারদ্বত মুখোপাধ্যায়ও। তাঁর জিপের বনেটের অংশের রং ছিল গেরুয়া!

    এদিন সন্ধ্যায় টোটোয় চড়ে মিছিল করেন রাজারহাট-গোপালপুরের সিপিএম প্রার্থী শুভজিৎ দাশগুপ্ত। বিকেলে তেঘরিয়া ভিআইপি রোড থেকে ওই কেন্দ্রীয় মিছিল শুরু হয়। বিস্তীর্ণ এলাকা ঘুরে মিছিল শেষ হয় সন্ধ্যায়। ওই মিছিলও ছিল বর্ণাঢ্য। ঢাকের আওয়াজের সঙ্গে মিছিলে পা মেলান বহু মানুষ। দলীয় প্রার্থীর সঙ্গে টোটোয় হাজির ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। এদিন রাজারহাট-গোপালপুরের বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তেওয়ারিও একাধিক এলাকায় জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। জনসংযোগের সঙ্গে জোরদার প্রচার করেন রাজারহাট-গোপালপুরের তৃণমূল প্রার্থী অদিতি মুন্সিও। প্রচারে পিছিয়ে নেই রাজারহাট-নিউটাউনের তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস চট্টোপাধ্যায় থেকে বিজেপি প্রার্থী পীযূষ কানোড়িয়া। এদিন রাজারহাট-নিউটাউনের সিপিএম প্রার্থী সপ্তুর্ষি দেব পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে জনসংযোগ সারেন। বেহাল রাস্তা, খোলা নিকাশি ইত্যাদি ইস্যুতে সরব হন তিনি। 
  • Link to this news (বর্তমান)