নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাতে রয়েছে মাত্র তিন দিন! দ্বিতীয় দফায় রাজ্যের যে ১৪২টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে, তার জন্য মনোনয়ন পেশের শেষ দিন আগামী বৃহস্পতিবার। কিন্তু এখনও কলকাতা বন্দর কেন্দ্রের প্রার্থী ঘোষণাই করতে পারেনি বিজেপি। ওই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম আজ, সোমবার আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়নপত্র জমা দেবেন। তাঁর বিরুদ্ধে কে টিকিট পাচ্ছেন এবং তা কবে জানানো হবে, সে বিষয়ে পুরোপুরি অন্ধকারে বঙ্গ বিজেপি নেতৃত্ব। দলের রাজ্য কমিটির এক নেতার কথায়, ‘২০২১ সালে এভাবেই দফায় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছিল। যে কারণে বহু আসনেই প্রচারের জন্য পর্যাপ্ত সময় মেলেনি। এবার সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সিদ্ধান্ত হয়েছিল, অন্যান্য দলের প্রার্থী তালিকা প্রকাশের আগেই আমরা টিকিট প্রাপকদের নাম জানিয়ে দেব। সেই মতো কয়েকমাস আগে থেকে বিভিন্ন সমীক্ষা, দলের বিভিন্ন স্তর থেকে সম্ভাব্য নামের তালিকা তৈরি করা হয়েছিল। তা থেকে বেছে নিয়ে চূড়ান্ত তালিকাও প্রায় তৈরি ছিল। কিন্তু এত প্রস্তুতির পরেও তালিকা প্রকাশে ফের সেই বিলম্ব হল। পঞ্চম দফায় তালিকা প্রকাশ করেও সব আসনে প্রার্থী ঘোষণা করতে না পারাটা ভোটে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’ উল্লেখ্য, রাজ্যের প্রধান বিরোধী দলের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই বিভিন্ন জায়গায় প্রতিবাদের ঝড় বইছে দলের মধ্যেই। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে একাংশ বিক্ষোভ দেখাতে পারে বলেও আশঙ্কা রয়েছে গেরুয়া শিবিরের। সূত্রের দাবি, এক্ষেত্রে আলিপুর এলাকার দলবদলু এক নেতার নাম উঠে আসছে। তাঁর বিরুদ্ধে একাধিক পুলিশ কেস রয়েছে। সেই সূত্রে রয়েছে মামলা সংক্রান্ত জটিলতাও। সব মিলিয়ে প্রার্থী জট ছাড়াতে জেরবার বিজেপি।