দলের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ঘোষণা! বিজেপি ত্যাগ বারসতের প্রাক্তন জেলা সভাপতির
বর্তমান | ০৬ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাসত: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রস্ততি চরমে। সেই পর্বে বিজেপি থেকে ইস্তফা দিলেন বারাসত সাংগঠনিক জেলা বিজেপির প্রাক্তন সভাপতি তথা রাজ্য পার্টির সদস্য তাপস মিত্র। আর এনিয়ে রবিবার এক সাংবাদিক সম্মেলনে দলের ‘মুখ আর মুখোশ’ নিয়ে বিস্ফোরক আক্রমণ শানালেন তিনি। ফলে, ভোটের মুখে বিজেপির ঘরোয়া দ্বন্দ্ব কার্যত রাস্তায় নেমে এল। যথারীতি শুরু হয়েছে তরজা।
রাজনৈতিক মহলের দাবি, ভোটের আগে রাজ্য বিজেপি নেতা তথা আরএসএসের এই কার্যকর্তার ক্ষোভ দলে অন্য বার্তা দেবে। এমনকি, বারাসত কেন্দ্রের ভোটে তাপস মিত্রর ঘনিষ্ঠরা যে নিষ্ক্রিয়ই থাকবেন তা বলার অপেক্ষা রাখে না। এই আসনের বিজেপি প্রার্থী নিয়ে তাপস মিত্র অসন্তুষ্ট ছিলেন। প্রার্থী পরিবর্তন করতে রাজ্য ও কেন্দ্রীয় সভাপতির কাছে চিঠিও দেন তিনি। সুরাহা না-হওয়ায় শেষমেশ দলের রাজ্য ও জাতীয় সভাপতিকে তাপস মিত্র ইস্তফাপত্র পাঠিয়েছেন!
সাংবাদিক সম্মেলন করে রাজ্য সভাপতির সর্বক্ষণের সঙ্গী বারাসতের সুবীর শীলের বেহিসাবি অর্থ, গাড়ি ও সম্পত্তি নিয়ে সিবিআই ও ইডি তদন্তের দাবিও করেছেন তাপস। এই ভোটে দলের একাধিক প্রাক্তন সভাপতিকে টিকিট দিয়েছে বিজেপি। যেমন বনগাঁর দেবদাস মণ্ডল এবং বারাসতের শংকর চট্টোপাধ্যায়। শংকর একুশের নির্বাচনে হের যান। এবার বারাসতে পদ্মফুলের প্রার্থীর দাবিদার ছিলেন তাপস মিত্র। ২০২১-এর ২৫ ডিসেম্বর বারাসত সাংগঠনিক জেলার সভাপতি হন তিনি। মেয়াদ শেষের আগেই দল তাঁকে সরিয়ে দিয়েছিল। অপমানিত হয়েও আরএসএসের তাপস বিজেপির সঙ্গেই ছিলেন। এবার বারাসত থেকে তাঁকে প্রার্থী না করায় বেজায় ক্ষুব্ধ হয়ে ওঠেন দলের বিরুদ্ধে। তবুও মধ্যমগ্রামের প্রার্থী দেওয়া পর্যন্ত অপেক্ষায় ছিলেন।
রবিবার রাজ্য এবং কেন্দ্রীয় সভাপতির কাছে মেইল করে ইস্তফাপত্র পাঠিয়েছেন তাপস। তাপস বারাসতের প্রাক্তন সভাপতি, রাজ্য কমিটির সদস্য ছাড়াও নবদ্বীপ বিভাগের কো-কনভেনার ছিলেন। তাঁর কথায়, বিজেপির আদর্শ আগে দেশ, পরে রাজ্য, এবং সবশেষে ব্যক্তি। কিন্তু বঙ্গবিজেপি এখন ব্যক্তিকেন্দ্রিক হয়েছে। রাজ্য সভাপতির সর্বক্ষণের সঙ্গী বারাসতের বাসিন্দা সুবীর শীলের বিপুল অর্থ, সম্পত্তি নিয়েও এদিন সুর চড়িয়েছেন তাপস।
এই প্রসঙ্গে সুবীর শীল অবশ্য বলেন, তদন্ত হোক, আপত্তি নেই। তাপস মিত্র দল বিরোধী কাজে জড়িত ছিলেন। দল তাঁকে সাবধান করেছিল অনেকবার। কিন্তু শোনেননি। তাই, দল তাঁকে প্রার্থী করেনি। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, তাপস ইতিমধ্যেই মনোনয়নের জন্য পেপার তুলে রেখেছেন। আগামী দুদিন অনুরাগী ও বারাসতের বিশিষ্টজনের সঙ্গে আলোচনা করে ‘নির্দল’ প্রার্থী হওয়ারও সিদ্ধান্ত নেবেন।