নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলিতে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রথম হেভিওয়েট নির্বাচনি জনসভা হতে চলেছে ৮ এপ্রিল। ওইদিন জনসভা করতে আসবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের রাজ্য নেতৃত্ব জানিয়েছেন, ওইদিন হুগলিতে নেত্রী তিনটি সভা করবেন। প্রথমে আরামবাগে সভা হবে। তারপর হুগলির পাণ্ডুয়া ও বলাগড় বিধানসভাকে কেন্দ্র করে একটি সভা হবে। পরে শ্রীরামপুরে জনসভা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনি সফর শেষ হবে। ওই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। বিশেষ করে হুগলিতে দ্বিতীয় দফায় ভোট হবে। কিন্তু প্রচারের প্রথমপর্বেই দলীয় সুপ্রিমোর সভা পেয়ে যাওয়ায় উল্লসিত কর্মীরা। জেলা নেতৃত্বের দাবি, নেত্রী জেলায় এলেই প্রচারে তুফান উঠবে। যা আখেরে জেলা জুড়ে তৃণমূলের রাজনৈতিক সক্রিয়তাকে বহুগুণ বাড়িয়ে দেবে।