• ভোটারদের মন জয় করতে দেদার সেলফি বিলিয়ে যাচ্ছেন প্রার্থীরা
    বর্তমান | ০৬ এপ্রিল ২০২৬
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: ভোটের দামামা বাজতেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। নতুন থেকে পুরানো মুখের পাশাপাশি সেলিব্রিটি প্রার্থীও এখন ময়দানে। পাড়ায় পাড়ায় ঘুরে প্রচারের পাশাপাশি ভোটারদের আবদারও মেটাতে হচ্ছে তাঁদের। আর সেই আবদারের মধ্যে অন্যতম হচ্ছে সেলফি। প্রার্থীর সঙ্গে ছবি তোলার সুযোগ হাতছাড়া করতে চাইছে না কিশোর, কিশোরী থেকে মহিলারা। ভোটারদের এই আবদার মেটাতে প্রচারের ফাঁকে তাই হাসিমুখে দেদার সেলফি দিতে দেখা যাচ্ছে প্রার্থীদের।

    ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরেই প্রতিটি বিধানসভা এলাকায় প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। তালিকায় যেমন রাজনৈতিক মুখ আছে, তেমন সেলিব্রিটিও আছেন। যেমন শ্যামপুর বিধানসভা কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী খড়্গপুরের বিদায়ী বিধায়ক, অভিনেতা হিরন্ময় চট্টোপাধ্যায়। প্রচারের প্রথম দিন থেকেই এই সেলিব্রিটি প্রার্থীকে দেখতে শ্যামপুরের বাসিন্দাদের মধ্যে ভালোরকম আগ্রহ চোখে পড়ছে। আর শুধু সামনে থেকে প্রার্থীকে দেখাই নয়, অনেকেই প্রার্থীর সঙ্গে সেলফিও তুলছেন।

    প্রচারে প্রার্থীদের সঙ্গে সেলফি তোলা প্রসঙ্গে শ্যামপুরের এক গৃহবধূ জানান, সিনেমায় হিরণকে অভিনয় করতে দেখেছি। সামনে থেকে দেখে তাঁর সঙ্গে সেলফি তোলার সুযোগ হাতছাড়া করতে পারলাম না। রাজনীতির অতশতো বুঝি না। হিরণকে একজন অভিনেতা হিসাবে চিনি। সেই কারণে তার সঙ্গে ছবি তুললাম। অন্যদিকে, প্রচারের ফাঁকে এক কিশোরীর সঙ্গে সেলফি তুলতে দেখা গেল আমতা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুকান্ত পালকেও। অনেকে বললেন, দাদা আপনি তো সেলিব্রিটি নন। তাহলে আপনার সঙ্গেও সেলফি তোলার এত আগ্রহ? সুকান্ত পালের সহাস্য উত্তর, এটাই মানুষের ভালোবাসা। আমার জীবনের অন্যতম বড় পাওনা তো এটাই। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)