শিবপুরে দুই ডাক্তারের লড়াই হলেও জনসংযোগে এগিয়ে তৃণমূলের প্রার্থী
বর্তমান | ০৬ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শিবপুর বিধানসভা কেন্দ্রে ছাব্বিশের নির্বাচনি লড়াইয়ে এবার মুখোমুখি দুই চিকিৎসক প্রার্থী। একদিকে ফরওয়ার্ড ব্লকের ডাঃ জগন্নাথ ভট্টাচার্য, অন্যদিকে তৃণমূলের ডাঃ রানা চট্টোপাধ্যায়। দু’জনেরই বিধায়ক হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। তবে প্রচারের ময়দানে ‘চিকিৎসক ইমেজ’ ও জনসংযোগের নিরিখে কয়েক ধাপ এগিয়ে তৃণমূলের প্রার্থী।
প্রচারের ফাঁকে পেশাগত দায়িত্ব সামলাতে দেখা যাচ্ছে দু’জনকে, যদিও ধরন আলাদা। বাম প্রার্থী ডাঃ জগন্নাথ ভট্টাচার্য এখনও নিয়ম করে বিভিন্ন চেম্বারে বসে রোগী দেখছেন। মধ্য হাওড়ার একটি বেসরকারি ক্লিনিকে এদিন তাঁকে পাওয়া গেল, রোগী দেখছিলেন তিনি। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত শিবপুরের বিধায়ক ছিলেন এই অর্থোপেডিক সার্জেন। তিনি নিজেকে ‘এলাকার মানুষ’ বলেই তুলে ধরছেন। তাঁর কথায়, ‘বিধায়ক থাকাকালীন শিবপুরের জন্য অনেক কাজ করেছি। এখনও সপ্তাহে একদিন বিনা পয়সায় রোগী দেখি। আমি বহিরাগত নই, জয়ের ব্যাপারে আশাবাদী।’ তবে ভবিষ্যৎ স্বাস্থ্য পরিষেবা নিয়ে তাঁর পরিকল্পনার কথা স্পষ্ট করেননি তিনি। বাম শিবির তাঁর স্বচ্ছ ইমেজকে সামনে রেখেই প্রচার চালাচ্ছে। বাসিন্দাদের কেউ কেউ বলছেন, ডাক্তার হিসাবে দক্ষ হলেও জনসংযোগে খুব একটা সক্রিয় নন তিনি।
অন্যদিকে, তৃণমূল প্রার্থী ডাঃ রানা চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে চিত্রটা একেবারেই ভিন্ন। সারাদিন প্রচার, কর্মিসভা ও জনসংযোগ সেরে রাত পর্যন্ত রোগী দেখছেন তিনি। শিশুরোগ বিশেষজ্ঞ হিসাবে তাঁর আলাদা পরিচিতি রয়েছে। প্রচারে গিয়েও শিশুদের স্বাস্থ্যের খোঁজ নিতে দেখা যায় তাঁকে, যা সাধারণ মানুষের মধ্যে বাড়তি আস্থা তৈরি করছে। বালির বিধায়ক হিসাবে ‘ছানিমুক্ত বালি’র উদ্যোগে দেড় হাজারের বেশি মানুষের বিনামূল্যে চোখের অপারেশনের ব্যবস্থা করেছিলেন তিনি। এখনও দুঃস্থ শিশুদের চিকিৎসা করেন বিনা পয়সায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে লিলুয়ায় তাঁর চেম্বারে ভিড় বাড়ে রোগীদের। বহু অভিভাবকের কথায়, ‘রাজনীতিতে যতই ব্যস্ত থাকুন, ডাক্তারবাবুকে আমাদের বাচ্চাদের চিকিৎসা চালিয়ে যেতেই হবে।’ শরীরে ক্লান্তি এলেও হাসিমুখে পরিষেবা দিয়ে চলেছেন তিনি। রানা চট্টোপাধ্যায় বলেন, ‘আগামী দিনে শিবপুরেও নিখরচায় চোখের চিকিৎসা ও শিশুদের সেবার জন্য একাধিক পরিকল্পনা রয়েছে তাঁর। রাজনীতির পাশাপাশি চিকিৎসা পরিষেবা দিয়ে মানুষের পাশে থাকতে পারা আমার কাছে বড় প্রাপ্তি।’ প্রচারের মাঝেও যেভাবে পেশাগত দায়িত্ব ও মানবিক সংযোগ বজায় রাখছেন তৃণমূলের ডাক্তার প্রার্থী, তাতে শিবপুরের বাসিন্দাদের বড়ো অংশের আস্থা যে তাঁর দিকেই ঝুঁকছে, তা স্পষ্ট। -নিজস্ব চিত্র