আজ ফ্রিজ হচ্ছে প্রথম দফার ভোটার তালিকা, অধরা ট্রাইবুনাল, বাদ যাওয়া বিচারাধীনদের ‘বিচার’ না দিয়েই নির্বাচন
বর্তমান | ০৬ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন। ১৫২টি আসনে। আজ, সোমবার তার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আইন অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব শেষ হলে আজই ‘ফ্রিজ’ হয়ে যাবে প্রথম দফার ভোটার তালিকা। এর অর্থ? সোমবারের পর এই তালিকায় আর কোনো নতুন নাম অন্তর্ভুক্ত হবে না এবং কোনো নামও বাদ দেওয়া যাবে না। কিন্তু এখনো পর্যন্ত জানাই যাচ্ছে না কবে থেকে শুরু হবে এসআইআর ট্রাইবুনাল! ফলে বিচারাধীন তালিকা থেকে বাদ পড়া ভোটারদের বিচার না দিয়েই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম দফার নির্বাচন।
দীর্ঘ টালবাহানার পর গত ২৩ মার্চ বিচারাধীনদের প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ করেছিল কমিশন। তার দু’দিন আগে অর্থাৎ ২১ মার্চ রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে ট্রাইবুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। কমিশনের সেই বিজ্ঞপ্তির পর অন্তত ১৫ দিন কেটে গেলেও ট্রাইবুনালের শুনানি শুরু হয়নি। ফলে এবারের নির্বাচনে ভোটাধিকার হারাতে চলেছেন ১৫২টি আসনের বিচারাধীন তালিকা থেকে বাদ পড়া ভোটাররা। আর কোনো এক অজ্ঞাত কারণে সেই সংখ্যা জানাতে ‘নারাজ’ কমিশন।
জানা যাচ্ছে, পরিকাঠামো জটে আটকে রয়েছে ট্রাইবুনালে শুনানি শুরুর কাজ। ঠিক হয়েছে, রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯টি ট্রাইবুনাল কোর্ট রুম তৈরি হবে। জোকায় শ্যামাপ্রসাদ মুখার্জি ন্যাশনাল ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড স্যানিটেশনে অ্যাপিলেট ট্রাইবুনাল চালানোর জন্য জলসম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছ থেকে আট সপ্তাহের অনুমতি পেয়েছে কমিশন। সেখানে ট্রাইবুনাল চালু করা নিয়ে রাজ্য স্বরাষ্ট্র, পূর্ত এবং এই ইনস্টিটিউটের কর্তা ব্যক্তিদের সঙ্গে একপ্রস্থ আলোচনাও সেরেছে কমিশন। চেয়ার-টেবল, কম্পিউটারের ব্যবস্থা করা থেকে শুরু করে একাধিক বিষয়ে আলোচনা হলেও জট কাটেনি। পরিকাঠামো তৈরির এসব কাজের জন্য শর্ট টেন্ডার করার কথা ঠিক হলেও এখনও পর্যন্ত কোনো টেন্ডার ডাকা হয়নি বলে সূত্রের খবর। জোকার এই কেন্দ্র ছাড়া বাকি আর কোথায় ট্রাইবুনাল চালু করা হবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ফলে সবমিলিয়ে প্রথম দফার বাদ পড়া ভোটাররা তো বটেই, দ্বিতীয় দফার ভোটে যারা বিচারাধীন তালিকা থেকে বাদ গিয়েছেন, ট্রাইবুনালে তাঁদের আবেদন নিষ্পত্তি ঠিক কবে থেকে শুরু হবে তা নিয়েও তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।
এদিকে, আনুষ্ঠানিকভাবে ট্রাইবুনালের শুনানি শুরু না হলেও রবিবার শুনানি করে প্রথম রায় ঘোষণা করল ট্রাইবুনাল। মুর্শিদাবাদের ফরাক্কার কংগ্রেস মনোনীত প্রার্থী মহতাব শেখের নাম ভোটার তালিকায় ফেরানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ। সুপ্রিম কোর্টের নির্দেশেই এই বিশেষ শুনানি হয়েছে।
বিচারাধীন তালিকা থেকে নাম বাদ পড়ার পর প্রথমে হাইকোর্ট এবং তারপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহতাব। শীর্ষ আদালত তাঁর আবেদনের দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেয়। তারপরেই তিনি আবেদন করেন ট্রাইবুনালে। কারণ আজ সোমবারই মনোনয়নের শেষ দিন। যে কারণে সল্টলেকের বিজন ভবনে তড়িঘড়ি জরুরি শুনানি শেষে ট্রাইবুনাল জানিয়ে দিয়েছে কংগ্রেস প্রার্থীর নাম ভোটার তালিকায় ফেরাতে হবে।