• ভোটপ্রচারে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা তৃণমূল, বিজেপির
    বর্তমান | ০৬ এপ্রিল ২০২৬
  • সংবাদদাতা, বনগাঁ: জমজমাট রবিবাসরীয় ভোটপ্রচার। সকালে বনগাঁ পুরসভার একাধিক এলাকায় প্রচার করেন বনগাঁ উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। প্রথমেই কালীবাড়ি বাজারে প্রচারে যান প্রার্থী। কর্মী, সমর্থকদের সঙ্গে নিয়ে বাজারের ব্যবসায়ীদের সঙ্গে জনসংযোগ করেন বিশ্বজিৎ দাস। বাজারে আসা সাধারণ মানুষও এদিন প্রার্থীকে দেখে এগিয়ে আসেন। কেউ হাত বাড়িয়ে দেন। কেউ কাছে টেনে বুকে জড়িয়ে নেন প্রার্থীকে।

    কালীবাড়ি বাজারে ভোটপ্রচার সেরে পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের ২ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় প্রচার করেন বিশ্বজিৎবাবু। বাড়ি বাড়ি ভোট প্রচারে প্রার্থীর সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলার টুম্পা রায় সহ দলের কর্মী, সমর্থকরা। রাস্তায় পথচলতি মানুষ কেউ প্রার্থীকে বুকে জড়িয়ে ধরেন, কেউ মাথায় আশীর্বাদের হাত রাখেন। বিশ্বজিৎ দাস বলেন, যেভাবে মানুষ সাড়া দিচ্ছে, তাতে বিজেপি ভয় পেয়ে গিয়েছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা বলে দিচ্ছে, বিজেপির পরাজয় শুধুই সময়ের অপেক্ষা।

    অন্যদিকে রবিবাসরীয় ভোট প্রচারে ঝড় তুললেন বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়াও। এদিন বনগাঁ টবাজার, নেতাজি মার্কেট এবং বনগাঁ পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে প্রচার করেন তিনি। বাজারের ব্যবসায়ীদের সঙ্গে জনসংযোগ করার পাশাপাশি তাঁদের অভাব, অভিযোগও শোনেন বিজেপি প্রার্থী। পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার সারেন তিনি। 
  • Link to this news (বর্তমান)