• কঙ্কনদিঘির রাস্তা মেরামত না হওয়ার প্রভাব কি পড়বে ভোটে? চর্চা সব দলে
    বর্তমান | ০৬ এপ্রিল ২০২৬
  • সংবাদদাতা, বারুইপুর: রায়দিঘি সেতুর মুখ থেকে কঙ্কনদিঘি হয়ে দমকল খেয়াঘাট পর্যন্ত রাস্তা অতি বেহাল। পিচ উঠে খানাখন্দে ভরে গিয়েছে। ধুলো উড়ছে রোজ, শ্বাসকষ্ট হচ্ছে। এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ। এই রাস্তা মেরামত না হওয়ার প্রভাব রায়দিঘি বিধানসভা কেন্দ্রে এবারের ভোটে পড়বে কি না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। বিরোধী সিপিএম এর বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে। সিপিএম ও বিজেপি উভয়েরই দাবি, এই রাস্তা সংস্কার না হওয়ার ফল ভোট বাক্সে পাবে তৃণমূল। অন্যদিকে, জোড়াফুল শিবিরের বক্তব্য, রাস্তা মেরামতের পরিকল্পনা আগেই নেওয়া আছে। কিন্তু ভোট এসে যাওয়ায় সমস্যা হয়েছে। দ্রুত এই কাজ শুরুর চিন্তাভাবনাও হচ্ছে।

    রায়দিঘি সেতুর মুখ থেকে দমকল খেয়াঘাট পর্যন্ত ১৮ কিলোমিটার রাস্তার পুরোটাতেই পিচ উঠে গিয়েছে। বড় বড় গর্ত হয়ে কঙ্কালসার অবস্থা। অভিযোগ, রোজই হয় গর্তে পড়ে টোটো উল্টে যাচ্ছে, নতুবা অটো পাল্টি খাচ্ছে। কোনো গাড়ি গেলেই এতো ধুলো উড়ছে যে, চোখে-নাকে রুমাল দিয়ে পথচারীদের যেতে হচ্ছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, শ্বাসকষ্টের রোগ বেড়ে যাচ্ছে এর ফলে। বিশেষ করে স্কুলপড়ুয়াদের খুব সমস্যা হচ্ছে চলাচলে। ভোট দিয়ে কী হবে? রাজনৈতিক দলের নেতারা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন রাস্তা মেরামত করার। কিন্তু কোথায় কী? কেউ সমস্যা দেখেন না।

    প্রসঙ্গত, রায়দিঘির কঙ্কনদিঘি পঞ্চায়েত এলাকা ছাড়াও পাথরপ্রতিমা বিধানসভা এলাকার কিছু গ্রামের বাসিন্দারাও এই রাস্তা দিয়ে চলাচল করেন। এই রাস্তা দিয়েই জটার দেউল পর্যটন কেন্দ্রে যেতে হয়। গত লোকসভা ভোটে এই কঙ্কনদিঘি পঞ্চায়েত এলাকাতে তৃণমূল প্রার্থী বাপি হালদার হেরে গিয়েছিলেন।

    রায়দিঘি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তাপস মণ্ডল বলেন, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তা এটি। টাকা আটকে রেখেছে কেন্দ্র। তবু রাস্তা মেরামতের কথা আগেই ভাবা হয়েছিল। কত তাড়াতাড়ি মেরামত করা যায়, সেটা এখনও দেখছি আমরা। পাল্টা সিপিএম প্রার্থী সাম্য গঙ্গোপাধ্যায় বলেন, মানুষকে আর কত বোকা বানাবেন তৃণমূলের নেতারা? এই রাস্তা মেরামত না হওয়ার প্রতিবাদে আমরা  আন্দোলন করব। অন্যদিকে, বিজেপি প্রার্থী পলাশ রানা বলেন, রাস্তা মেরামতের টাকা তৃণমূল নেতাদের পকেটে গিয়েছে। তাই মেরামত না করে ফেলে রাখা হয়েছে। আবার এসইউসি প্রার্থী গুণসিন্ধু হালদার বলেন, এই রাস্তা মেরামতির দাবি জানিয়ে আমরাই আগে অবরোধ করেছিলাম। তাও কাজ 

    হয়নি।  নিজস্ব চিত্র 
  • Link to this news (বর্তমান)