• শঙ্খ-উলুধ্বনি থেকে ধামসা-মাদল, মনোরম আবহাওয়ায় জমাটি প্রচার উত্তর শহরতলিতে
    বর্তমান | ০৬ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: গত ক’দিনের অস্বস্তিকর গরম উধাও। মনোরম আবহাওয়া। তার উপর ছুটির দিন। প্রচার আর জনসংযোগের এমন সুযোগ ষোলো আনা উসুল করে নিল রাজনৈতিক দলগুলি। রবিবাসরীয় প্রচারের ঝড় উঠল উত্তর শহরতলির বিধানসভা কেন্দ্রগুলিতে। বর্ণাঢ্য শোভাযাত্রা, বাড়ি বাড়ি প্রচার, কর্মিসভা—বাদ যায়নি কিছুই! এমনিক, প্রার্থীকে ভোটারদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নিতেও দেখা গেল। 

    এদিন সকালে বরানগরের ২৯ নম্বর ওয়ার্ডের গোকুলবাবুর বাজার, দর্জিপাড়া, কে এম ব্যানার্জি লেন এলাকায় জমাটি প্রচার সারেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রচারে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী সজল ঘোষ বিকালে ২৩ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার সারেন। সন্ধ্যায় ডানলপ মোড় থেকে রামকৃষ্ণ মিশন স্কুল পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন তিনি। সিপিএম প্রার্থী সায়নদীপ মিত্র ২২ নম্বর ওয়ার্ডের নেতাজি কলোনি মোহন গার্লস হাইস্কুল এলাকা সহ আশপাশে প্রচার করেন। বিকালে কামারহাটি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে প্রচার করেন তিনি। শঙ্খ, উলুধ্বনিতে তাঁকে বরণ করে নেন দলের কর্মী-সমর্থকরা। উত্তর দমদমের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর সকাল ও বিকালে ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার করেন। কলাবাগান, জনকল্যাণ মোড় সহ আশপাশের এলাকায় প্রচার চালান তিনি। তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য এদিন সকালে বিশরপাড়ার এ কে সি মার্কেট ও নিউ বারাকপুরে জোরদার প্রচার চলান। বিকাল ও সন্ধ্যায় বিরাটি আবাসন, ঢালাই কারাখানা লাগোয়া এলাকায় পথসভা করেন তিনি। ভিড় ছিল চোখে পড়ার মতো। বিজেপি প্রার্থী সৌরভ শিকদার নিউ বারাকপুরে সকালে প্রচার সেরে সন্ধ্যায় জনবহুল বিরাটি বাজার সহ আশপাশের এলাকায় প্রচার চালান। খড়দহের সিপিএম প্রার্থী দেবজ্যোতি দাস এদিন বাড়ি বাড়ি জনসংযোগে ঝড় তোলেন। সরব হন খড়দহ পুরসভার বেহাল পরিকাঠামো নিয়ে। এখানকার তৃণমূল প্রার্থী দেবদীপ পুরোহিতের বর্ণাঢ্য শোভাযাত্রা মানুষের নজর কাড়ে। বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের বলাগড়, হাটখোলা এলাকায় ওই শোভাযাত্রায় লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন সরকারি প্রকল্পের ‘রেপ্লিকা’ নিয়ে হাজির ছিলেন কর্মী-সমর্থকরা। খড়দহের বিজেপি প্রার্থী কল্যাণ চক্রবর্তীও বাড়ি বাড়ি প্রচারে ঝাঁপিয়ে পড়েন। নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য উত্তর বারাকপুর পুরসভার ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি প্রচার করেন। সিপিএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায় বাইক মিছিল করেন এলাকায়। ইছাপুর নবাবগঞ্জ এলাকায় তাঁর রঙিন প্রচার ছিল নজরকাড়া। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং ইছাপুর এলাকায় প্রচার করেন। বারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী বারাকপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে কর্মিসভা করেন। প্রসঙ্গত, ওই ওয়ার্ডে বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচীর বাড়ি। সেখানেই তিনি বিজেপি প্রার্থীকে তিনি হারানোর ডাক দেন। কৌস্তভবাবু ৫ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার করেন। এই কেন্দ্রের সিপিএম প্রার্থী সুমন বন্দ্যোপাধ্যায় ২৩ নম্বর ওয়ার্ডে জনসংযোগ সারেন। পানিহাটির সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত সকালে বাড়ি বাড়ি প্রচারের পাশাপাশি সন্ধ্যায় হলধর বসু রোডে ভোটারদের মুখোমুখি হন। সেখানে তিনি নানা প্রশ্নের উত্তর দেন। আগামী দিনে পানিহাটির পরিকাঠামো উন্নয়ন ও নারী নিরাপত্তায় জোর দেওয়ার কথ বলেন। তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ ৪ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার করেন। ধামসা-মাদলের তালে বহু সাধারণ মানুষকেও কোমর দোলাতে দেখা যায়। বিকেলে ১৭ নম্বর ওয়ার্ডে জমাটি প্রচার চালান তিনি। বিজেপি প্রার্থী রত্না দেবনাথ বাড়ি বাড়ি প্রচার করেন। একইভাবে কামারহাটি, দমদম সহ উত্তর শহরতলির প্রতিটি কেন্দ্রে এদিন প্রার্থীরা ভোট প্রচার ও প্রস্তুতি নিয়ে দিনভর ব্যস্ত রইলেন।   নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)