নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের আগে নাকা তল্লাশিতে নেতাজিনগর এলাকায় উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ। একটি গাড়িতে করে ওই টাকা পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। সব মিলিয়ে মিলেছে ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা। হাওলার মাধ্যমে এই টাকা কার কাছে পাঠানো হচ্ছিল, জানার চেষ্টা করছে পুলিশ। বিষয়টি আয়কর দপ্তরকেও জানানো হয়েছে।
নির্বাচনের সময় হাওলার মাধ্যমে ভিন রাজ্য থেকে টাকা ঢুকছে বলে খবর পাচ্ছিলেন গোয়েন্দারা। বিজেপি শাসিত রাজ্যগুলি থেকেই এই টাকা আসছে বলে তথ্য পাচ্ছিলেন তাঁরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রকাশ্য জনসভায় বলেছেন, সিআরপিএফের গাড়িতে করে টাকা ঢোকানো হচ্ছে। সেই কারণে শহরের বিভিন্ন জায়গায় স্পেশাল স্ট্যাটিক টিমকে সঙ্গে নিয়ে নাকা চেকিং চালাচ্ছে পুলিশ। তাদের সঙ্গে থাকছে কেন্দ্রীয় বাহিনীও। শনিবার রাতে নেতাজিনগর থানার অন্তর্গত এনএসসি বোস রোডে নাকা চেকিং চলার সময় একটি গাড়িকে আটক করা হয়। তাতে তল্লাশি চালাতে গিয়ে একটি ব্যাগ নজরে আসে। সেটি খুলতেই দেখা যায়, ৫০০ টাকার নোট ভর্তি রয়েছে। এই টাকা কোথা থেকে আনা হচ্ছে, তার নথি চাওয়া হয় গাড়ির চালকের কাছে। কিন্তু তিনি তা দেখাতে পারেননি। তাই পুরো টাকাই বাজেয়াপ্ত করে পুলিশ। চালককে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জেনেছেন, আলিপুর থেকে এই টাকা তোলা হয়েছিল। তাঁকে বলা হয়েছিল, এই টাকা এক ব্যক্তির কাছে পৌঁছে দিতে হবে। মাঝরাস্তায় হাতবদল হয়ে যেত টাকার। যিনি এই টাকা পাঠাচ্ছিলেন ও যাঁর কাছে যেত, সংশ্লিষ্টদের নাম পেয়েছে পুলিশ। সমস্ত তথ্য তারা আয়কর দপ্তরকে জানিয়ে দিয়েছে। আয়কর দপ্তর টাকার উৎস নিয়ে খোঁজখবর করবে। ডেকে পাঠানো হবে টাকার মালিককে। পুলিশ প্রাথমিকভাবে জেনেছে, এই টাকা এক হাওলা ব্যবসায়ীর। তিনি এই টাকা তাঁর এক পরিচিতের কাছে পাঠাচ্ছিলেন।