রবি-সকালে বাড়ি বাড়ি প্রচারে শাসক ও বিরোধী দলের প্রার্থীরা
বর্তমান | ০৬ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের আর একমাসও বাকি নেই। হাতে রয়েছে মাত্র তিনটি রবিবার। তাই এই রবিবার সব পক্ষ সকাল থেকে প্রচারে নেমে পড়ে। কেউ করলেন মিছিল, কেউ পৌঁছে গেলেন ভোটারের বাড়ি বাড়ি। কোনো প্রার্থী আবার ব্যস্ত রইলেন ‘থিম সং’ প্রকাশে! সব মিলিয়ে রবিবাসরীয় প্রচার জানিয়ে দিল, কেউ কাউকে বিনা যুদ্ধে একটুও জমি ছাড়তে নারাজ।
রবিবার সকালেই ময়দানে নেমে পড়েন বালিগঞ্জ কেন্দ্রের সিপিএম প্রার্থী আফরিন বেগম। ৮৫ নম্বর ওয়ার্ডে মতিলাল নেহরু রোডে প্রচার করেন। তিনি কিন্তু রবিবারের প্রচারে শুধু কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বের হননি! তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা সুপ্রিয় দত্ত ও সিপিএম নেতা শতরূপ ঘোষ। প্রবীণ অভিনেতা তরুণ প্রার্থীর হয়ে হাতে মাইক তুলে নেন। কসবা কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপু দাস এদিন সকালে তপসিয়া রোডে প্রচার সারেন। বিকালে তিনি নিজের কেন্দ্রের ‘থিম সং’ প্রকাশ করেন। পরে মিছিলও করেন।
কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অতীন ঘোষ এদিন সকালে ৫ নম্বর ওয়ার্ডের হনুমান মন্দির রেল কোয়ার্টার থেকে শুরু করে ভৈরব মুখার্জি লেন, নীলমণি মিত্র রোড সহ একাধিক এলাকায় বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন। বিকালে তিনি যান ৬ নম্বর ওয়ার্ডের বিবিবাজার মোড় ও কাশীপুর রোড সংলগ্ন এলাকায় প্রচারে। এন্টালি কেন্দ্রের তৃণমূল প্রার্থী সন্দীপন সাহা এদিন মহেন্দ্র রায় লেন, পটারি রোডে জনসংযোগ করেন। বেহালা পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় ১২৫ নম্বর ওয়ার্ডে প্রচার চালান।
মানিকতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় ১৪ নম্বর ওয়ার্ডের ক্যানাল ইস্ট রোডের শেঠবাগান অঞ্চলে সকালে প্রচার করেন। বিকালে ৩২ নম্বর ওয়ার্ডের বাগমারি এলাকায় জনসংযোগ সারেন তিনি। যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখোপাধ্যায় সকালে হালতু নাজিরবাগান এলাকায় জনসংযোগ করেন। সন্ধ্যায় তিনি পথসভা করেন কালিকাপুর এলাকায়।
অন্যদিকে, এসইউসি রাজ্য কমিটির উদ্যোগে এসআইআর সংক্রান্ত ট্রাইবুনালের জন্য হেল্প ডেস্ক শুরু হল। বিভিন্ন জেলার আইনজীবীরা ‘বাতিল’ হয়ে যাওয়া ভোটারদের সাহায্য করবেন বলে তাদের রাজ্য কমিটির তরফে জানানো হয়েছে।