• ‘রং-রুট’ সিরিজ়ের সুবাদে পরিচালনায় হাতেখড়ি অভিনেতা বিশ্বাবসুর
    এই সময় | ০৬ এপ্রিল ২০২৬
  • টেলিভিশনের পরিচিত মুখ। কাজ করেছেন বেশ কিছু সিনেমাতেও। অভিনেতা বিশ্বাবসু বিশ্বাস এ বার পরিচালকের দায়িত্বে। ‘রং-রুট’ ওয়েব সিরিজ় দিয়ে।

    সিরিজ়টিতে বিশ্বাবসুর পাশাপাশি মূল চরিত্রে রয়েছেন অর্কজা আচার্য। এই সিরিজ়ের মূল ভাবনা অভিনেত্রীরই। সেটাকে বাস্তব রূপ দেওয়ার পথে চিত্রনাট্য থেকে সম্পাদনা সামলেছেন বিশ্বাবসু। কেন পরিচালনার সিদ্ধান্ত প্রসঙ্গে বিশ্বাবসু বলেছেন, ‘রূপকলাতে চলচ্চিত্র সম্পাদনা নিয়ে পড়ার সময় থেকেই অভিনয়ের পাশাপাশি পরিচালনা করার ইচ্ছে প্রবল ভাবেই ছিল।’ আর এই কাজ নিয়ে অভিনেতা-পরিচালকের সংযোজন, ‘বাংলায় সহজ প্রেমের গল্প বলা অদ্ভুত ভাবে কমে গিয়েছে। গোলমেলে এই সময়ে দাঁড়িয়ে তাই আরও বেশি করে ভালোবাসার গল্প বলা জরুরি।’

    নিজেদের গল্প বলা, সিরিজ় তৈরি করা এবং একটা ক্রিয়েটিভ স্পেস তৈরি করে নানা রকমের কাজ করার ভাবনা রয়েছে বিশ্বাবসুর। সেই কাজে তিনি পাশে পেয়ে গিয়েছেন অনেককে। যেমন এই সিরিজ়টিতে তিনি ও অর্কজা ছাড়াও নিলয় সমীরণ নন্দী, দেবনাথ চট্টোপাধ্যায়, অনিন্দ্য সরকার, কৌশিক ভট্টাচার্য, তনুকা চট্টোপাধ্যায় এবং ঐশিকী ঘটক অভিনয় করেছেন। পাশাপাশি অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে ইন্ডাস্ট্রির পরিচিত মুখ তথাগত মুখোপাধ্যায়কে। মূলত থিয়েটারের মঞ্চ, টেলিভিশন, সিনেমায় কাজ করার সূত্রে একে-অন্যের সঙ্গে তাঁদের পরিচয়। এই বছর পুজোর সময়ে এই ওয়েব সিরিজ় রিলিজ় করার পরিকল্পনা নিয়েছেন তাঁরা। তবে কোথায় এবং কী ভাবে, সেটা এখনই সামনে আনতে চাইলেন না অভিনেতারা।

    রক-কম জ়্যঁরের এই সিরিজ়। গল্প এ রকম, মফস্‌সলে বড় হওয়া আদিত্য আর স্মৃতির বিয়ে ঠিক করে ফেলে তাদের পরিবার। কিন্তু বিয়ে তাদের ইচ্ছে নয়, বরং তাদের স্বপ্ন সিনেমা। একে অন্যকে না জানিয়েই নিজেদের বিয়ে থেকে কলকাতার পথে পালিয়ে যায় তারা। কিন্তু তাদের গল্প সেখানে শেষ হয় না, বরং শুরু হয়। ‘রং-রুট’ ধরে কোন পথে এগোবে তাদের জীবন, সেটাই ফুটে উঠবে সিরিজ়ের বিভিন্ন পরতে।

    এই সিরিজ়ের জন্য পাঁচটা গানের মিউজ়িক অ্যালবাম হতে চলেছে। সঙ্গীত নির্মাণ করেছেন দেবদীপ মুখোপাধ্যায়, অভিষেক পণ্ডিত, দেবায়ন বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীরা। এরা প্রত্যেকেই স্বাধীন সঙ্গীতশিল্পী হিসেবে কাজ করেন। এ ছাড়া সিরিজ়ে গান গাইছেন বাংলাদেশের শিল্পী নাবিদ।

    এই প্রজেক্ট সফল হলে আর্থিক প্রতিবন্ধকতা পেরিয়ে আরও অনেক ভাবনা বাস্তবে ডানা মেলতে পারবে বলেই আশাবাদী শিল্পীরা।
  • Link to this news (এই সময়)