পুনের একটি মেরিন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মর্মান্তিক দুর্ঘটনা। বাস্কেটবলের পোল মাথায় পড়ে মৃত্যু হলো এক পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত তোলানি মেরিটাইম ইনস্টিটিউট (Tolani Maritime Institute)-এ।
জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম বিশাল ভার্মা (Vishal Verma)। তিনি মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। বিশালের লিঙ্কডইন অ্যাকাউন্ট অনুযায়ী, তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন। ২০২৪ সালে ওই প্রতিষ্ঠানে বি.টেক কোর্সে ভর্তি হন। ২০২৮ তাঁর কোর্স শেষ হওয়ার কথা ছিল।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে কলেজ ক্যাম্পাসেই। নিয়মিত সকালে শরীর চর্চা করতেন বিশাল। রবিবার তিনি বাস্কেটবল পোস্টের রিং ধরে পুল-আপ করছিলেন। সেই সময়ে আচমকাই পুরো বাস্কেটবল পোস্টটি ভেঙে তাঁর উপরে পড়ে যায়। ভারী লোহার কাঠামোটি সরাসরি তাঁর মাথায় পড়ায় গুরুতর আহত হন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাস্কেটবল পোলের আঘাতে বিশালের গোটা শরীর রক্তে ভেসে যাচ্ছিল। সহপাঠীরা তাঁকে দ্রুত উদ্ধার করে কাছাকাছি হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। গুরুতর মাথার চোটের কারণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকেরা। এই আকস্মিক ঘটনায় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে।
প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, বাস্কেটবল পোস্টে ভিত দুর্বল ছিল অথবা যথাযথ রক্ষণাবেক্ষণ করা হয়নি। ফ্রেমে মরচে পড়ে বা ফিটিংসে সমস্যার কারণেও দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন এবং কী ভাবে এমন গুরুতর দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে আরও কড়া পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে। এই ঘটনা আবারও শিক্ষা প্রতিষ্ঠানে পরিকাঠামোগত নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলে দিল।
প্রসঙ্গত, মাত্র পাঁচ মাস আগেই হরিয়ানার রোহতকে ১৬ বছর বয়সি এক ন্যাশনাল লেভেল বাস্কেটবল প্লেয়ার একই ভাবে প্রাণ হারান। অনুশীলনের সময় বাস্কেটবল পোল পড়ে গিয়েছিল তাঁর মাথায়।