ব্যস্ত সময়ে ব্লু লাইনে মেট্রোয় (Kolkata Metro) ভোগান্তি। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়, এমজি রোড স্টেশনে লাইনে ঝাঁপ মারার ঘটনা ঘটে। সোমবার বেলা পৌনে ১২টা নাগাদ বিভিন্ন প্ল্যাটফর্ম, মেট্রোর ভিতরে ঘোষণা শুরু হয়, এমজি রোডে লাইনে ঝাঁপ মারার ঘটনা ঘটেছে। তাই পরিষেবা ব্যাহত হচ্ছে। দমদম, গিরিশ পার্ক, ময়দান— একের পরে এক স্টেশনে দাঁড়িয়ে পড়ে মেট্রো। যাত্রীদের গাড়ি ফাঁকা করে দেওয়ার অনুরোধ করা হয়। যদিও দুপুর ১২টা ৫ মিনিট নাগাদ পরিষেবা স্বাভাবিক হয় বলে মেট্রো কর্তৃপক্ষের দাবি।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, সকাল ১১টা ৩৫ নাগাদ এমজি রোড স্টেশনে ডাউন লাইনে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটে। বেশ কিছুটা সময়, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন ও দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলে। যদিও কর্তৃপক্ষের দাবি, ১২টা ৫ মিনিট থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ দিকে এই ঘটনার জেরে ভোগান্তিতে যাত্রীরা। ব্যস্ত সময়ে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে কেউ ধরেছেন বাস, কেউ বা বুক করেছেন ক্যাব। কেউ আবার বাস, ক্যাব কিছুই না পেয়ে গলদঘর্ম হয়ে মেট্রো স্টেশনের বাইরে দাঁড়িয়ে দিশাহারা।
দু’দিন আগেও ব্লু লাইনে কালীঘাট মেট্রো স্টেশনে একই ঘটনা ঘটে। যার জেরে প্রায় ২০ মিনিটেরও বেশি সময় মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়। নাকাল হতে হয় যাত্রীদের। ব্লু লাইনের মতো ব্যস্ত লাইনে বার বার এই ধরনের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।