• বিবাহিত মহিলা নিজের মর্জিতে অন্য পুরুষের সঙ্গে থাকতেই পারেন: মধ্যপ্রদেশ হাইকোর্ট
    এই সময় | ০৬ এপ্রিল ২০২৬
  • বউকে এক যুবক ফুঁসলে নিয়ে গিয়ে আটকে রেখেছে, এমন অভিযোগ তুলে বর মধ্যপ্রদেশ হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা করেছিলেন। মামলার আবেদন বলা হয়েছিল, স্ত্রীকে খুঁজে আদালতে হাজির করানো হোক। ১৯ বছর বয়সি বউ হাইকোর্টে হাজির হয়ে জানালেন, তাঁর স্বামী তাঁর চেয়ে কেবল ২১ বছরের বড়ই নন, তাঁর সঙ্গে খারাপ ব্যবহারও করেন। আদালতে দাঁড়িয়ে মহিলার আরও অভিযোগ, তাঁর বাবা-মাও তাঁর ভালো চান না।

    তা হলে কার সঙ্গে থাকতে চান মহিলা? মধ্যপ্রদেশের গোয়ালিয়র বেঞ্চের বিচারপতি আনন্দ পাঠক এবং বিচারপতি পুষ্পেন্দ্র যাদবের প্রশ্নে মহিলার জবাব, 'যাঁর বিরুদ্ধে আমাকে আটকে রাখার অভিযোগ উঠেছে, তাঁর সঙ্গেই থাকতে চাই।'

    স্বামী, বাবা-মা ও অভিযুক্ত যুবকের উপস্থিতিতে মহিলা এও দাবি করেন, যুবক তাঁকে অবাধ স্বাধীনতা দিয়েছেন। সেই কারণে যাঁরা তাঁর আদৌ ভালো চান না, তাঁদের কাছে ফিরে যাওয়ার কোনও ইচ্ছাই তাঁর নেই।

    সরকারি আইনজীবী ও ওই মহিলার কাউন্সেল অঞ্জলি জ্ঞানানি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জানান, মহিলা স্বামীর সঙ্গে কোনও মতেই আপস চান না। তিনি বিবাহ বিচ্ছেদ চান। থাকতে চান অভিযুক্ত যুবকের সঙ্গেই। আইনজীবীর সঙ্গে একান্তে কথা বলে এই কথাই জানিয়েছেন মহিলা।

    বিচারপতিরা অভিযুক্ত যুবকের সঙ্গেও একান্তে কথা বলেন। সূত্রের খবর, ওই যুবক বিচারপতিদের জানান, মহিলার প্রতি তাঁর সমবেদনা রয়েছে। তাঁর কোনও কাজেই তিনি বাধা দিতে চান না। মহিলার স্বাধীনতায় তিনি হস্তক্ষেপ করতে চান না। মহিলার বিবাহবিচ্ছেদ হয়ে গেলে তিনি তাঁকে বিয়েও করতে রাজি আছেন। তিনি যে মহিলাকে হয়রান করতে চান না এবং আগামিদিনে সবসময়ে তাঁর যত্ন নেবেন, এই কথা মুচলেকা দিয়েও জানান ওই যুবক।

    সব পক্ষের বক্তব্য শুনে ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, হেবিয়াস কর্পাস মামলার কোনও যৌক্তিকতা নেই। কারণ, মহিলা অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক। তিনি নিজের সিদ্ধান্ত নিয়েছেন। স্বামী ছাড়া যাঁর সঙ্গে তিনি থাকতে চান, তাঁর সঙ্গেই তিনি থাকতে পারেন। তবে তার আগে মহিলাকে ছয় মাস মধ্যপ্রদেশ সরকারের শৌর্য দিদি প্রকল্পের আওতায় থাকতে হবে।

    শৌর্য দিদি প্রকল্প কী? ২০২৪ সালে মধ্যপ্রদেশে ই প্রকল্প চালু হয়েছে। মূলত যৌন নির্যাতনের শিকার কোনও মহিলা বা নাবালিকার দেখাশোনা, কাউন্সেলিং ও যত্ন নেবেন কোনও মহিলা বা উপযুক্ত ব্যক্তি। তার মেয়াদ অন্তত ছয় মাস।

    এ ক্ষেত্রে সরকারি আইনজীবী অঞ্জলি ও ভাবনা নামে পুলিশের এক মহিলা কনস্টেবলকে শৌর্য দিদি করা হয়েছে।

  • Link to this news (এই সময়)