ধসের আতঙ্কে কাঁটা গোটা এলাকা। ঘটনাস্থল পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের সামডি। রবিবার দুপুর থেকে ধসের ঘটনা ঘটেছে এই এলাকায়। ওই দিন গ্রামের একটি মন্দিরের সামনে ধস নামে। তারপর থেকে ক্রমশ ধসের আকার বেড়েছে বলে অভিযোগ।
সময় যত এগিয়েছে ধস আরও বাড়তে থাকায় রবিবার গোটা রাত চিন্তায় ঘুমোতে পারেননি ওই এলাকার বাসিন্দারা। সোমবার সকাল থেকে বিক্ষোভ দেখাতে থাকেন বাসিন্দারা। সামডি কোলিয়ারির উৎপাদন ও পরিবহন বন্ধ করে বিক্ষোভ শুরু করেন তাঁরা।
স্থানীয় বাসিন্দারা জানান মন্দিরের একটু দূরেই বসতি এলাকা রয়েছে। যে ভাবে ধস দেখা গিয়েছে এবং ওই এলাকার মাটি যে ভাবে ফেটে গিয়েছে তাতে ভবিষ্যতে গোটা গ্রাম মাটির নীচে তলিয়ে যাবে বলে আশঙ্কা করছেন। পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ দেখান বাসিন্দারা।
তাঁদের অভিযোগ, ২৪ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। কিন্তু সোমবার দুপুর পর্যন্ত ইসিএলের কোনও আধিকারিক ঘটনাস্থলে আসেননি বলে অভিযোগ। ধসের জেরে মন্দিরের পাঁচিলের একাংশ ভেঙে পড়ে গিয়েছে। চারপাশে মাটিতে বড় ফাটল দেখা দিয়েছে। বাসিন্দারা জানিয়েছেন, গ্রামের পাশেই রয়েছে খোলামুখ খনি। সেখানে কয়লা তোলার জন্য ব্লাস্টিং করা হয়। সেই কারণে এলাকায় ধস হয়েছে বলে অভিযোগ।
সামডি পঞ্চায়েতের প্রাক্তন প্রধান জনার্দন তিওয়ারি বলেন, ‘আমরা বহুবার ইসিএল কর্তৃপক্ষকে বলেছি খোলামুখ খনি থেকে কয়লা তোলার আগে গ্রামবাসীদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিন। কিন্তু ইসিএল কর্তৃপক্ষ গুরুত্ব দিচ্ছে না।’