• মোথাবাড়ি কাণ্ডে আজই সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা
    আজকাল | ০৬ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: মালদহের মোথাবাড়িতে বিচারকদের ওপর হামলার ঘটনায় তদন্তের গতি বাড়িয়েছে এনআই। গত বুধবারের সেই শিউরে ওঠা ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এসেছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে ওই অঞ্চলের ২২ বিএলও-কে।  তদন্তকারীদের কথা হয়েছে ওই সময় আটকে থাকা বিচারকদের সঙ্গেও। এইসবের উপর ভিত্তি করে তৈরি হয়েছে রিপোর্ট। সোমবার সেই রিপোর্টই সুপ্রিম কোর্টে জমা দিতে চলেছে এনআইএ।

    এনআইএ-এর আইজি সোনিয়া সিং দিল্লি গিয়ে রিপোর্ট পেশ করে ফের কলকাতায় আসবেন বলেই জানা গিয়েছে।

    গত বুধবার এসআইআর  প্রক্রিয়ার প্রতিবাদে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মালদহের মোথাবাড়ি। সেই বিভীষিকাময় পরিস্থিতিতে বিডিও অফিসে ঘণ্টার পর ঘণ্টা ঘেরাও হয়ে ছিলেন সাতজন বিচারবিভাগীয় অফিসার। মাঝরাতে তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় ফের বিচারকদের গাড়ি আটকানোর চেষ্টা হয়।

    তদন্তভার হাতে নিয়েই এনআইএ-র একটি দল ইতিমধ্যেই আক্রান্ত বিচারকদের সঙ্গে বিশদ কথা বলেছে। রবিবার বালিগঞ্জে গিয়ে এক মহিলা বিচারকের বয়ান নথিভুক্ত করেছে। বিচারকদের নিরাপত্তায় থাকা পাইলট কারের চালকদের তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গিয়েছে।

    এ দিকে সোমবারই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আজই প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। অথচ ভোট শুরুর মাত্র ১৬ দিন বাকি থাকলেও এসআইআর প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। বহু নাম এখনও বিবেচনাধীন।

     
  • Link to this news (আজকাল)